২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসাত্মক কর্মকাণ্ড সত্ত্বেও সরকার সহিষ্ণু: হাসিনা

বিরোধী দল গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র করছে দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার সহিষ্ণুতা দেখাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 06:27 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র করছে দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার সহিষ্ণুতা দেখাচ্ছে। বৃহস্পতিবার তিনি বলেন, “বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সত্ত্বেও সরকার সহিষ্ণুতা প্রদর্শন করছে।” “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং চাই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক।” রাতে আওয়ামী লীগের ইউরোপ ও আমেরিকা শাখার নেতারা প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করলে এ কথা বলেন তিনি। এ প্রসঙ্গে গত ১৮ ডিসেম্বর সকালে রাজধানীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংস ঘটনার উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ওই দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে আগতদের পুলিশ লাঠিপেটা করার পর ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের গাড়িসহ অন্তত আটটি গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে। সেদিন মতিঝিলে একজন নিহতও হন; যার সম্পর্কে পুলিশ বলেছিল, তিনি হাতবোমা বহন করছিলেন। হাসিনা বলেন, এ ধরনের সহিংসতার পর বিরোধীদের কোনো অনুষ্ঠান করার সুযোগ দেবে না কোনো সরকার। “মানুষের মৌলিক অধিকার নিয়ে আমি কাউকে খেলা করতে দেব না।” এ সাক্ষাতে সর্বইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানসহ দলের কানাডা ও বেলজিয়াম শাখার সভাপতিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০০২৭ ঘ.