২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দলীয় সরকার নিয়ে সংসদেও আলোচনায় বিএনপি রাজি

ওই আলোচনা সংসদে অথবা সংসদের বাইরে যে কোনো স্থানে হতে পারে, বলেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 11:08 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা মেনে নিলে তার গঠন-কাঠামো নিয়ে সংসদেও আলোচনা করতে রাজি বিএনপি। দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার একথা জানান। একদিন আগেই যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেইক বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুই প্রধান রাজনৈতিক দল মতৈক্যে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে তা পুনরায় ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে বিএনপি। বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ এ বিষয়ে প্রস্তাব সংসদে আনতে বলেছে। তবে বিএনপি বলছে, সংসদে ক্ষমতাসীনদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিল আনতে চাইলে তা সরকারকেই আনতে হবে। বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফখরুল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। তাই মহাজোট সরকার যদি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন নিয়ে আলোচনা করতে চায়, আমরা তাতে ইতিবাচক সাড়া দেব।” ওই আলোচনা সংসদে অথবা সংসদের বাইরে যে কোনো স্থানে হতে পারে, বলেন তিনি। নির্দলীয় সরকারের কোনো রূপরেখা বিএনপির রয়েছে কি না- জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, তা টেবিলেই আলোচনা হবে। সংসদে বিএনপির না যাওয়ার বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেন, ‘সংসদে আলোাচনার কোনো পরিবেশ ‘সরকার’ রাখেনি। নির্দলীয় সরকারের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বিএনপি নেতা বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। বাংলা একাডেমী চত্বরে প্রবাসী লেখিকা ফাতেমা সালামের ‘কনকাঞ্জলি’ এবং বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক শাকিল ওয়াহেদের ‘জাতীয়তাবাদী রাজনীতি ও চলমান প্রসঙ্গ’ এই দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন ফখরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএমআর/এমআই/১৭০০ ঘ.