ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরো মার্চ মাসই রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বর্ধিত সভায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, মার্চ মাস জুড়ে ঢাকার রাজপথ দখলে রাখবে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
“পুরো মার্চ মাস ঢাকা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নিয়ন্ত্রণে থাকবে। সাত মার্চের বিশাল র্যালিতে প্রমাণ হবে ঢাকা কার, আমাদের না তাদের?”
বর্ধিত সভা থেকে পরবর্তী আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২১ ফেব্র“য়ারি সকাল ৭টায় নিউ মার্কেট থেকে প্রভাতফেরি শুরু হয়ে শহীদ মিনারে ফুল দিয়ে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরদিন আলোচনা সভা এবং ৭ মার্চ শিখা চিরন্তন থেকে র্যালি করবে আওয়ামী লীগ।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং ৩০ মার্চ স্বৈরাচার পতন দিবসের কর্মসূচি পরে ঘোষণা করবে দলটি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাঈদ খোকন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৪১ ঘ.
bdnews24