২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জড়িতদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 07:26 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে দুই পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। শনিবার সকালে পশ্চিম রাজাবাজারের বাসা থেকে সাগর-রুনির রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। সকালে খবর পেয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেখানে ছুটে যান তার প্রেস সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল। তারা দুজনেই সাগর ও রুনির পরিবারের সদস্য এবং এ দুই সাংবাদিকের সহকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করেন। পরে, শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে নির্দেশ দিয়েছেন।” প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এক শোক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “এই দুই প্রতিভাবান সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে।” তিনি নিহত সাংবাদিক দম্পতির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এই বার্তায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৩১০ ঘ.