ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১২ মার্চ ঢাকায় বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে কোনো ধরনের বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মাহবুব-উল আলম হানিফ।
তবে বিরোধী দল কোনো ধরনের অরাজতা করলে ছাড়[ দেওয়া হবে না, হুঁশিয়ার করেছেন তিনি।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে হানিফ এই হুঁশিয়ারি দেন।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপি ‘ঢাকা চলো’ কর্মসূচি ডাকলেও তা প্রত্যাহার করে নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
হানিফ বলেন, “খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসেছেন। তাই এ ধরনের কর্মসূচির আর দরকার নেই। তাদের দাবি, নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে কোনো ফর্মূলা থাকলে তা সংসদে এসে তুলে ধরতে হবে।”
বিএনপি অবশ্য বলছে, তারা দাবি থেকে সরে আসেনি। তত্ত্বাবধায়ক সরকারের বদলে অন্য নামে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে তাদের আপত্তি নেই। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচনে তারা যাবে না।
বিএনপির কর্মসূচির দিনে ক্ষমতাসীনদের কর্মসূচি দেওয়া হলেও তা পাল্টা কর্মসূচি নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হানিফ।
তিনি বলেন, “গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের কর্মসূচি প্রতিহত করা কিংবা পাল্টা কর্মসূচি প্রদানে বিশ্বাসী নয়। তবে ফেব্র“য়ারি ও মার্চ- এই দু’মাস জুড়ে আমাদের কর্মসূচি আগে থেকেই দেওয়া আছে এবং তা অব্যাহত থাকবে।”
“বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে আমাদের আপত্তি নেই, বাধাও দেওয়া হবে না। তবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার উৎখাতের নামে অগণতান্ত্রিক কর্মসূচি দিয়ে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও জ্বালাও-পোড়াওয়ের অপচেষ্টা চালানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,” বলেন হানিফ।
সংবাদ সম্মেলনে বর্তমান নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে স্বচ্ছ দাবি করে এই কমিশনের অধীনে সবাইকে নির্বাচনে আসার আহ্বান জানানো হয়।
হানিফ বলেন, “নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী। আশা করছি, বিরোধী দল এ কমিশনের অধীনেই আগামী জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচনে অংশ নেবে।”
‘বর্তমান নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া অসাংবিধানিক’- মওদুদ আহমদসহ বিএনপি নেতাদের এ অভিযাগ প্রত্যাখ্যান করে হানিফ বলেন, “রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বচ্ছ ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই নির্বাচন কমিশন গঠন করেছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩৫২ ঘ.
bdnews24