মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগেই প্রত্যাখ্যান না করে নতুন নির্বাচন কমিশনকে তাদের যোগ্যতা প্রমাণে সময় দেওয়া উচিত বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা।
তারা বলছেন, সাংবিধানিক একটি পদে অধিষ্ঠিতদের কথায় কথায় বিদায় চাওয়া ঠিক নয়।
সার্চ কমিটি গঠন করে তাদের সুপারিশ থেকে বুধবার নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি। সিইসির দায়িত্ব পেয়েছেন সাবেক সিএসপি কর্মকর্তা কাজী রকিব উদ্দিন আহমদ। কমিশনার হয়েছেন আবু হাফিজ, আব্দুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ।
‘সার্চ কমিটি’র মাধ্যমে নতুন ইসি গঠনের প্রক্রিয়াটি আগের যে কোনো সময় চেয়ে ভালো বলে পুরনো সিইসিরা বললেও প্রধান বিরোধী দল বিএনপি বলছে, এ প্রক্রিয়ায় নিয়োড়ে সংবিধান লঙ্ঘন হয়েছে। বর্তমান কমিশনকে প্রত্যাখ্যানও করেছে দলটি।
সদ্য বিদায় নেওয়া সিইসি এ টি এম শামসুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিযুক্তির আগেই সমালোচনা না করে বর্তমান ইসিকে কাজের সময় দেওয়া উচিত।
নতুন সিইসি কাজী রকিবও বৃহস্পতিবার বলেছেন, কাজের মধ্য দিয়েই তারা নিরপেক্ষতা প্রমাণ করবেন।
সাবেক সচিব রকিবের প্রশংসা করে আরেক সাবেক সচিব শামসুল হুদা বলেন, তিনি দক্ষ ও বিচক্ষণ ব্যক্তি। সঠিকভাবে কাজ করে গেলে সবার আস্থা অর্জনে সক্ষম হবেন।
কথায় কথায় সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের পদত্যাগ দাবী করা যৌক্তিক নয় বলে মত দেন তিনি। এই প্রসঙ্গে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমরাও ভুক্তভোগী ছিলাম।”
বিদায়ী ইসির নেওয়া বিভিন্ন পদক্ষেপের ধারা বর্তমান ইসিও ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন শামসুল হুদা।
সাবেক সিইসি আবু হেনা বলেন, “নতুন সিইসি তো বেশ প্রতিভাবান, কর্ম উদ্যোগী, তার বেশ সুনাম রয়েছে। তার প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে।”
সমালোচনার জবাবে তিনি বলেন, “যারা সমালোচনা করছেন, তারা তো এদের কাজ দেখেননি। কাজ করার সুযোগ দিতে হবে। কাজ দেখে সমালোচনা করা যাবে। আগাম কোনো সমালোচনা ঠিক নয়।”
একই মত প্রকাশ করেন ১৯৯১ এর সংসদ নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে থাকা বিচারপতি আব্দুর রউফও।
সাবেক এই সিইসি একইসঙ্গে বর্তমান কমিশনের উদ্দেশে বলেন, “অতীতে উনারা আমলা ছিলেন- এজন্য সরকারি দায়িত্বের মতো ওপর থেকে যা বলা হবে তা করার অভ্যাস যেন না হয়।”
পাশাপাশি আরেকটি পরামর্শও দেন আব্দুর রউফ, “নতুন ইসি যেন মুখটা বন্ধ রাখে। নির্বাচন হল মাঠের কাজ। তাদের আগে কাজটা বুঝতে হবে। কথা কম বলে কাজ করতে হবে বেশি।”
এ পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনে ১১ জন সিইসি ও ২২ জন নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন।
বিচারপতি রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ পর্যন্ত সিইসির দায়িত্ব পালন করেন। সিইসি হিসেবে নিয়োগ পাওয়া প্রথম আমলা আবু হেনার দায়িত্বের মেয়াদ ছিল ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত। শামসুল হুদা নিয়োগ পান ২০০৭ সালে, গত ৫ ফেব্র“য়ারি শেষ হয় তার মেয়াদ।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২১১৮ ঘ.
bdnews24