২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ মার্চ ঢাকায় শান্তিপূর্ণ প্রতিরোধ: সাহারা

বর্তমান সরকারকে ‘বিদায়’ করতে ওইদিন ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিএনপি ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন বলেছেন, ওইদিন রাজপথে থেকে ‘শান্তিপূর্ণভাবে’ তাদের প্রতিহত করা হবে। যুদ্ধাপরাধীদের বিচার ও গণতান্ত্রিক অভিযাত্রাকে ‘ব্যহতের ষড়যন্ত্রের প্রতিবাদে’ মঙ্গলবার বিকেলে রাজধানীজুড়ে ১৪ দলের মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত গাবতলী, শ্যামলী, আসাদ গেইট, রাসেল স্কয়ার, পান্থপথ, কারওয়ান বাজার, শাহবাগ, প্রেসক্লাব, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনের রাস্তা (বঙ্গবন্ধু স্কয়ার), টিকাটুলি, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। ১৪ দলের নেতা-কর্মীরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর একান্তে কথা বলার আলোকচিত্র সম্বলিত ব্যানারও দেখা যায় কারো কারো হাতে। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ নেতা এবং বিএনপির দুই জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি দলই এ ট্রাইব্যুনালের বিরোধিতা করে আসছে। গাবতলীতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, “যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিএনপি ১২ মার্চ ঢাকায় সমাবেশের কর্মসূচি দিয়েছে। কিন্তু, তারা যুদ্ধাপরাধীদের বিচার কোনোভাবেই ব্যাহত করতে পারবে না। ওইদিন নেতা-কর্মীদের নিয়ে রাজপথে থেকে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিহত করা হবে।” বিএনপি চেয়ারপার্সন ও চার দলীয় জোট নেত্রী খালেদা জিয়া গত ৯ জানুয়ারি চট্টগ্রামের এক সমাবেশ থেকে বর্তমান সরকারকে ‘বিদায়’ করতে ১২ মার্চের কর্মসূচি ঘোষণা করেন। গাবতলীর মানববন্ধনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান অংশ নেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনের রাস্তায় মানববন্ধনে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্প মন্ত্রী দিলীপ বড়–য়াসহ যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মানববন্ধনে আমির হোসেন আমু বলেন, “গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে জনগণ আজ জেগে উঠেছে। যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।” আগামীতে একই দাবিতে জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি পালনের কথা উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, “এই কর্মসূচির মাধ্যমে প্রমাণ হয়েছে জনগণ ঐক্যবদ্ধ।” মাহাবুব-উল-আলম হানিফ বলেন, “সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। বিরোধীদল যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে।” জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের উল্টো দিকের রাস্তায় জিপিওর সামনে মানববন্ধনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ আইনজীবী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন হাইকোর্টের সামনের রাস্থায়। তোফায়েল আহমেদ বলেন, “বিএনপি নেতা এম কে আনোয়ার কথায় কথায় গণঅভ্যুত্থানের কথা বলেন। অথচ ঊণসত্তরের গণঅভ্যুত্থানের সময় তার নির্দেশেই আসাদকে গুলি করা হয়েছিল। সেই সময় তিনি ঢাকার জেলা প্রশাসক ছিলেন।” “জাতির সামনে আমরা ওয়াদা করেছিলাম, নির্বাচনে জয়ী হলে যুদ্ধাপরাধীদের বিচার করবো। আমাদের এই নির্বাচনী অঙ্গীকার আমরা যখন পালন করতে যাচ্ছি, তখনই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে”, যোগ করেন এই আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ছিলেন আসাদ গেইট এলাকায়। যুদ্ধাপরাধীদের বিচার ‘গণদাবিতে’ পরিণত হয়েছে উল্লেখ করে নানক বলেন, “যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের আমরা বলে দিতে চাই, কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার রুখতে পারবে না।” আসাদ গেইট থেকে উত্তরে কল্যাণপুর এবং দক্ষিণে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মোড় পর্যন্ত এলাকায় মোহাম্মদপুর, আদাবর এবং শেরে-বাংলা নগর থানা আওয়ামী লীগসহ ১৪ দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিরোধীদলের প্রতি ঈঙ্গিত করে টিকাটুলি এলাকায় মানববন্ধনে বলেন, “তারা জানেন যে সুষ্ঠু নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ থাকবে না। তাই তারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।” কৃষকলীগ সভাপতি মির্জা আজম এবং সূত্রাপুর ও গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং ১৪ দলের নেতা-কর্মীরা এ এলাকার মানববন্ধনে অংশ নেন। যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আদালতের রায় অনুযায়ীই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, রমনা থানা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা ছিলেন শাহবাগে। বঙ্গবন্ধু স্কয়ারে আওয়ামী লীগ ও বাম দলের নেতারা ছাড়াও মির্জা আজমসহ যুবলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ইয়াফেস ওসমান মানববন্ধনে বলেন, “মুক্তিযুদ্ধের সময় যারা হত্যা, ধর্ষণসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলো, দেশের নতুন প্রজন্ম তাদের বিচারের পক্ষে রায় দিয়েছে। এসব ‘কুলাঙ্গার’ ও ‘ঘৃণিত’ ব্যাক্তিদের বিচার এ বাংলার মাটিতেই হতে হবে। একাত্তরে ১১ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ফজলুর রহমান মানববন্ধনে দাঁড়িয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওরা আজ ‘ঠেলায় পরে’ মুখে বলে বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু মনে মনে বলে পাকিস্তান মাইবাপ। মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা, আমি যেন এসব ঘৃণিত রাজাকারদের বিচার দেখে যেতে পারি।” ৫৮ বছর বয়সী এ মুক্তিযোদ্ধা বলেন, “জিয়াউর রহমান নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তিনিও এসব রাজাকারকে পুনর্বাসিত করেছে।” মানববন্ধন শেষে ঢাকা ক্লাবের সামনের রাস্তায় রাজকারদের প্রতীকী ফাঁসি দেওয়া হয়। কর্মসূচিতে উল্লেখ থাকলেও মুক্তাঙ্গণের সামনের রাস্তা এবং বঙ্গভবনের আশেপাশের এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়নি। তবে রাজধানীর অন্যান্য পয়েন্টে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১৪ দলের কয়েক হাজার নেতাকর্মী মানববন্ধনে দাঁড়ান। যানজট এড়াতে বাস থামার স্থান এবং ভবনের গেটগুলোর সামনের রাস্তা ফাঁকা রেখে মানববন্ধনে দাঁড়ান নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদেরও রাজপথে শৃঙ্খলা রাখতে তৎপর দেখা যায়। এরপরও শাহবাগসহ কয়েকটি এলাকায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/প্রতিনিধি/এসইউএম/জেকে/১৯০৬ ঘ.