চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আদালতে একটি মামলার শুনানিতে রাাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন কাদের চৌধুরীকে ‘সাকা চৌধুরী’ বলে সম্বোধন করায় তার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতার আইনজীবী।
সীতাকুণ্ডের একটি ভাংচুরের মামলায় সোমবার চট্টগ্রামের আদালতে হাজির করা হয় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার সালাউদ্দিন কাদেরকে।
বিশেষ ক্ষমতা আইনে করা এই মামলার শুনানিতে পিপি আবুল হাশেম আসামি সালাউদ্দিন কাদেরকে ‘সাকা চৌধুরী’ বলে উল্লেখ করেন।
চট্টগ্রামের এই নেতা সংক্ষিপ্ত এই নামে পরিচিত।
পিপির বক্তব্যের পর আসামির মূল আইনজীবী আহসানুল হক হেনা আদালতকে উদ্দেশ্য করে বলেন, “তিনি সাকা নন, সালাউদ্দিন কাদের।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আমার মক্কেলকে সাকা চৌধুরী বলায় আপত্তি জানিয়েছিলাম। আদালত তা গ্রহণও করেছিলেন।”
আসামি পক্ষের আইনজীবীর আপত্তির পর শুনানিতে বক্তব্যে আর সাকা চৌধুরী বলেননি পিপি।
পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলার আসামি মোহাম্মদ হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সালাউদ্দিন কাদেরকে সাকা হিসেবে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। আমি জবানবন্দির বক্তব্যই উপস্থাপন করেছিলাম।”
তবে ‘সাকা’ বা সালাউদ্দিন কাদের বলার বিষয়ে আদালত কোনো বক্তব্য দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫০০ ঘ.
bdnews24