ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা যুদ্ধাপরাধীদের ‘পক্ষ নিয়েছে’- তারাও সমান অপরাধী মন্তব্য করে একই আইনে তাদের বিচার চেয়েছেন মহিউদ্দিন খান আলমগীর।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য শুক্রবার সকালে এক আলোচনা সভায় বলেন, “বিএনপি বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীদের মন্ত্রীসভায় স্থান দিয়ে দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। তাদেরও একই আইনে বিচার করা উচিৎ।”
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর শীর্ষ ছয় নেতা এবং বিএনপির দুইজনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিক জামায়াত শুরু থেকেই এ ট্রাইব্যুনালের বিরোধিতা করে আসছে।
মহিউদ্দিন খান বলেন, “বিএনপির জন্ম সেনা ছাউনিতে। আর আওয়ামী লীগ সব সময় সেনা শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যার ফলশ্র“তিতে দেশে স্বাধীনতা এসেছে, পরবর্তীতে স্বৈরাচারের পতন হয়েছে।”
‘শিক্ষা ও নৈতিকতায়’ কেউ সাংসদ হওয়ার ‘যোগ্য’ না হলে তাকে নির্বাচিত না করাই উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
“যাদের মধ্যে শিক্ষা নাই, সততা নাই- তাদের কোনো যোগ্যতা নাই সংসদে জনপ্রতিনিধিত্ব করার।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপির দাবির বিষয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ বাহাত্তরের সংবিধানে ফিরে গেছে। এ সংবিধান অনুসারে কোনো নিযুক্ত কর্তৃপক্ষ নির্বাচিত কর্তৃপক্ষের ওপরের অবস্থানে যেতে পারে না। সুতরাং দেশে তত্ত্বাবধায়ক সরকারের মতো কোন নিযুক্ত সরকারের প্রয়োজন নাই।”
রাজধানীর রিপোটার্স ইউনিটিতে ‘যুদ্ধাপরাধীদের বিচারে বাধা- প্রতিরোধ গড়ে তোলো’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল ও অভিনেতা ফরিদ আহমেদ এতে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৫৪০ ঘ.
bdnews24