চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন হচ্ছে বলে মনে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “যুদ্ধাপরাধের বিচারের প্রয়োজন আছে। তবে তা সুষ্ঠু হচ্ছে কি না দেখতে হবে।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে তারা বিচারিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কি না এবং ট্রাইব্যুনালের বিচারকদের নিয়ে ‘প্রশ্ন আছে’ বলেও মন্তব্য করেন তিনি।
বিচারকদের ‘কর্মকাণ্ড’ বিএনপির জানা আছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, “আর্ন্তজাতিক বিচারের নামে প্রহসন হচ্ছে।”
“যদি যুদ্ধাপরাধের প্রকৃত বিচার হয় তাহলে আমরা (বিএনপি) আছি।”
নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে আমেরিকার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘বাংলাদেশে গণতান্ত্রিক অংশগ্রহণ ও সংস্কার’ শিরোনামের আলোচনা সভার মুক্ত আলোচনায় উপস্থিত দর্শকের এক প্রশ্নের জবাবে আমীর খসরু এসব কথা বলেন।
১৯৭১ এর যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির দুই নেতা এবং তার জোট শরিক জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা আটক রয়েছেন। ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘দলীয়’ আখ্যা দিয়ে বিএনপি সরাসরি যুদ্ধাপরাধ বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে। জাতিসংঘ মহাসচিবকে ট্রাইব্যুনালের বিরোধিতা করে চিঠিও দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
আলোচনায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ও চট্টগ্রাম সিটি মেয়র এম মনজুর আলম, নগর জামায়াতে ইসলামীর নেতা আজম ওবায়দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে এ আলোচনায় আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেন না।
আরেক প্রশ্নের জবাবে আমীর খসরু তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ‘হরণ করা হয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সব দলের সঙ্গে আলোচনা না করে নিজেদের সুবিধার জন্যই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ।
গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় যা এর আগে সর্বোচ্চ আদালতও বাতিল বলে রায় দেয়। এর ফলে আগামী জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮১২ ঘ.
bdnews24