২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের দেখা পেলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা

সফর শুরুর তৃতীয় দিনে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের দেখা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 03:39 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফর শুরুর তৃতীয় দিনে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের দেখা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে (বাংলাদেশ সময় শনিবার ভোররাত) বোস্টনে বিএনপি নেতা-কর্মীদের এক সমাবেশে যোগ দেন তিনি। বোস্টনে একটি সেমিনারে অংশ নিতে গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্র পৌঁছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তবে কোন্দলে জর্জরিত বিএনপি নেতা-কর্মীরা তার দেখা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। বস্টনে হলিডে ইন এক্সপ্রেসের মিলনায়তনে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ফখরুল ওয়ান-ইলেভেনের সময়ে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন। আওয়ামী লীগ বর্তমানে দেশে ‘স্বৈরাচারী’ কায়দায় দেশ চালাচ্ছে অভিযোগ করে এর বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে প্রবাসী বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে অংশ নেন নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি কাজী নুরুজ্জামান, সাধারণ সম্পাদক সোহরাব খান, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার মনসুর, সাংস্কৃতিক সম্পাদিক রোকেয়া জামান প্রমুখ। ফখরুলের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বিভিন্ন রাজ্য থেকে ইতোমধ্যে বোস্টনে গেছেন। শনিবার রাতে (বাংলাদেশ সময় রোববার সকাল) তিনি তাদের সঙ্গেও বসবেন বলে বিএনপি নেতারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৩৫ ঘ.