লাবলু আনসার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
নিউ ইয়র্ক, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বস্টনে একটি সেমিনারে যোগ দিতে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেখা পাচ্ছেন না যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা।
সেমিনারের আয়োজক সংগঠনের কর্মকর্তা কামরুল হাসান শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বুধবার যুক্তরাষ্ট্রে এসেছেন। শনিবার সেমিনারে অংশ নেয়ার আগে শুক্রবার সন্ধ্যায় একটি নৈশভোজেও যোগ দেবেন তিনি।
তবে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দলের ভারপ্রাপ্ত মহাসচিবের কর্মসূচির বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।
যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথা অনুযায়ী ঢাকা থেকে রওনা দেয়ার আগেই আমার জানার কথা মহাসচিবের বিস্তারিত কর্মসূচি। কিন্তু এখনো জানতে পারিনি।”
সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, “আমি চেষ্টা করছি ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে যোগাযোগ করে দলীয় নেতা-কর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা করতে।”
বিরোধের কারণে যুক্তরাষ্ট্র বিএনপি এখন চার ভাগ করে কার্যক্রম চালাচ্ছে।
আব্দুল লতিফ সম্রাট এবং মোস্তফা কামাল পাশা বাবুল একটি অংশের নেতৃত্বে রয়েছেন। আরেকটি অংশের নেতৃত্বে রয়েছেন বেলাল মাহমুদ ও অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
এছাড়া তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল এবং ‘সেইভ বাংলাদেশ মুভমেন্ট’ নামে একটি সংগঠনের ব্যানারে শাহ আলমও দুটি অংশের নেতৃত্ব দিচ্ছেন।
নিউ ইয়র্ক বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস আহমেদ বলেন, “যুক্তরাষ্ট্রে বিএনপির নেতৃত্ব নিয়ে গ্রুপিং রয়েছে, তিনি (ফখরুল) হয়ত নিজেকে বিশেষ কোনো গ্রুপের সঙ্গে জড়াতে চাচ্ছেন না এড়িয়ে চলছেন।”
ব্রাসেলেসের ইউরোপীয় পার্লামেন্টের তিন এমপির আয়োজনে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এক সেমিনারে অংশ নেয়ার পর যুক্তরাষ্ট্র যান মির্জা ফখরুল।
বস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে সুশাসনের স্থায়িত্ব’ এবং ‘নিকট প্রতিবেশীদের সঙ্গে পানিসম্পদ বণ্টন’ শীর্ষক সেমিনারে অংশ নিচ্ছেন ফখরুল।
বস্টনভিত্তিক ‘বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজ’ আয়োজিত এই সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরেরও অংশ নেয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/০০২৫ ঘ.
bdnews24