ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সবার আস্থা অর্জনের পরামর্শ দিয়েছেন গণমাধ্যম সম্পাদকরা। তা না হলে দেশ সঙ্কটে পড়বে বলে সতর্ক করেছেন তারা।
এই পর্যন্ত বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রম মূল্যায়ন করে তাদের ‘ভাবমূর্তি সঙ্কটের’ কথা তুলে ধরে সম্পাদকরা বলেছেন, জনআস্থা অর্জন করতে না পারলে সুষ্ঠু নির্বাচন করাও ইসির পক্ষে সম্ভব নয়। বিতর্কিত ইমেজ থাকলে আজিজ কমিশনের মতো বিদায় নিতে হতে পারে।
যতদ্রুত সম্ভব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজনের তাগিদ দিয়ে তারা বলেছেন, প্রধান বিরোধী দলকে আস্থায় আনতে হবে। বিরোধী জোটকে উপেক্ষা করলে সঙ্কট আরো প্রকট হবে। এতে শুধু ইসি নয়, নির্বাচন নিয়ে দেশও সঙ্কটে পড়বে।
বুধবার এনইসি মিলনায়তনে ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা ও সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণ নিয়ে ইসির ধারাবাহিক সংলাপের দ্বিতীয় পর্বে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদসহ নির্বাচন কমিশনাররা ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে নতুন ইসি গঠিত হওয়ার পর এটাই তাদের সঙ্গে সম্পাদকদের প্রথম বৈঠক।
আলোচনায় অংশ নিয়ে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বর্তমান ৫ সদস্যের ইসির ‘ইমেজ’ প্রতিষ্ঠাকেই বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “আপনাদের ইমেজ প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ। আপনারা ইতোমধ্যে সেনা মোতায়েন নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। প্রধান বিরোধী দলের সঙ্গে আলোচনা করা এখন কঠিন। বিএনপিকে উপেক্ষা করে নির্বাচন সম্ভব না। বিতর্কিত ইমেজ দিয়ে আপনাদের পক্ষে নির্বাচন সম্ভব হবে না।”
বিগত ইসির কিছু আইনি সংস্কার বাদ দেয়ার পরিকল্পনা ও গাজীপুর উপ নির্বাচনসহ কয়েকটি বিষয়ে ইসির নমনীয় অবস্থানের সমালোচনা করেন এ সম্পাদক।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে যোগাযোগ করে সঙ্কট সমাধানের পরামর্শ দেন।
তিনি বলেন, “বিএনপির সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো না। তাদের সঙ্গে সুসম্পর্ক বাড়ান ও সমঝোতা করুন। তাদের না হলে ইলেকশন হবে না।”
সংসদীয় সীমানা পুনর্র্নিধারণে ঢাকার নির্বাচনী আসন সংখ্যা না বাড়ানোর সুপারিশও করেন শাইখ সিরাজ।
বর্তমান ইসির মধ্যে সমন্বয়হীনতার কথা তুলে ধরেন বৈশাখী টিভি’র প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে না বসা, অনেক অর্থ ব্যয়ের পর আকস্মিকভাবে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধে ইসির পদক্ষেপ, গণপ্রতিনিধিত্ব আদেশ যথাযথ প্রয়োগে ইসির ব্যর্থতার সমালোচনা করেন তিনি।
“আপনাদের প্রধান অংশীদার রাজনৈতিক দল। তাদের সঙ্গে আলোচনা শুরু করেননি। তাদের সঙ্গে দ্রুততম সময়ে সংলাপে বসে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিন। তা না হলে আপনারা বেকায়দায় পড়বেন, তার চেয়ে বেশি বেকায়দায় পড়বে দেশ,” বলেন বুলবুল।
এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুন স্বাধীন ও শক্তিশালী ইসি নিয়ে সংশয় প্রকাশ করেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ইসির কার্যক্রমে মানুষের আস্থা অর্জনের যে চেষ্টা করছেন তাতে সুফল পাচ্ছেন বলে মনে হয় না।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগে আগামী নির্বাচন পদ্ধতি ঠিক করার তাগিদ দেন মামুন।
নির্দিষ্ট নীতি অবলম্বন করে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রস্তাব দেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জমান।
তিনি বলেন, “দুর্ভাগ্য, ইসি সব সময় বিতর্কের মধ্যে থাকে। র্নির্বাচনে কে এল, কে এলো না- তা ইসির বিবেচ্য নয়। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিই আসল কাজ। ইসিকে স্বচ্ছ, সঠিক পথে ও দৃশ্যমানভাবে নিরপেক্ষ কাজ করতে হবে।”
ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার ইসির কার্যক্রমে প্রশ্ন তুলে বলেন, “সীমানা পুনর্র্নিধারণ নিয়ে ইসি কোনো ধরনের প্রস্তাব না রেখেই সবার মতামত নিচ্ছে। পরে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে তা অন্যদের ওপর চাপাবে। ইসির এ ধরনের কৌশলগত অবস্থান ভালো নয়।”
সীমানা পুনর্র্নিধারণকে কেন্দ্র করে ‘সঠিক’ সিদ্ধান্ত না নিলে বর্তমান ইসির অবস্থা আজিজ কমিশনের পরিণতি হবে বলে মন্তব্য করেন তিনি।
ইসির দুর্বলতার বিষয়ে সতর্ক করে শ্যামল বলেন, “সীমানা পুনর্র্নিধারণ হবে ইসির বড় চ্যালেঞ্জ। ভালোভাবে না করলে নির্বাচনই হবে কিনা সংশয় থাকবে। নিজেরা শক্তিশালী না হলে আজিজ মার্কা ইসি হবেন আপনারা।”
সমকালের যুগ্ম সম্পাদক রাশীদ উন নবী বর্তমান ইসিরকে জনগণের আস্থা তৈরির জন্য কাজ করার তাগিদ দেন। নির্বাচনকালীন সব মন্ত্রণালয়ের কর্তৃত্ব ইসির হাতে রাখার পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
সবার মতামত শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চান।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ে সংলাপের পরিকল্পনা তুলে ধরেন তিনি। একই সঙ্গে সবার সঙ্গে আলোচনা শেষে নির্ধারিত সময়ে সীমানা পুনর্র্নিধারণ কাজও সম্পন্ন হবে বলে জানান সিইসি।
সংলাপে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, যায়যায়দিন সম্পাদক কাজী রুকনউদ্দীন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম হামিদ, ইন্ডিপেন্ডেন্ট এর অনলাইন এডিটর গোলাম তাহাব্বুর ও ইনকিলাব উপসম্পাদক ইউসুফ শরীফ।
এছাড়া বাসস’র নগর সম্পাদক অজিত কুমার সরকার, বাংলাদেশ বেতারের উপ মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি কাজী হাফিজ, যুগান্তরের বিশেষ প্রতিনিধি হোসাইন জাকির, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমমের বার্তা প্রধান মাহমুদ মেনন খান, রেডিও টুডের সেলিম বাশার, মোহনা টিভির বার্তা প্রধান মাহমুদ আল ফয়সাল, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, এনটিভির বিশেষ প্রতিনিধি ফরিদ আলম এ সংলাপে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭২৫ ঘ.
bdnews24