২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশরাফ ও মঈনুদ্দীনের যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে’

একাত্তরে জামায়াতে ইসলামীর ছাত্র শাখা ইসলামী ছাত্রসংঘের সদস্য মো. আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দীনের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানালের তদন্ত সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে জামায়াতে ইসলামীর ছাত্র শাখা ইসলামী ছাত্রসংঘের সদস্য মো. আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দীনের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানালের তদন্ত সংস্থা। মঙ্গলবার তদন্ত সংস্থার বেইলি রোডের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান ও সহ-সমন্বয়ক এম সানাউল হক জানান, তারা ওই দুই জনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন। আগামী বুধবার চিফ প্রসিকিউটরের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, দেশকে মেধাহীন করতে ১৯৭১ সালের ডিসেম্বরে ছাত্রসংঘের সদস্যদের নিয়ে আল-বদর বাহিনী গড়ে তোলা হয়। মাঈনুদ্দীন ওই বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’ এবং আশরাফুজ্জামান ‘চিফ এক্সিকিউটর’ ছিলেন। তদন্ত সংস্থা জানায়, ১৯৭১ সালের ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। আর তাতে মুখ্য ভূমিকা পালন করেন আশরাফুজ্জামান ও মাঈনুদ্দীন। ওই ১৮ জন বুদ্ধিজীবীর মধ্যে শিক্ষক আনোয়ার পাশা, গিয়াসউদ্দিন আহমেদ, মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশিদুল হাসান, আবুল খায়ের, সন্তোষ ভট্টাচার্য, ফয়জুল মহী ও সিরাজুল হক খান ছিলেন। তাদের মধ্যে চিকিৎসক ফজলে রাব্বি, আবদুল আলিম চৌধুরী ও মোহাম্মদ মর্তুজা এবং ছয় সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, সৈয়দ নাজমুল হক, আ ন ম গোলাম মোস্তফা, নিজামুদ্দীন আহমেদ, সেলিনা পারভীন ও শহীদুল্লা কায়সার ছিলেন। সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, আশরাফুজ্জামান বর্তমানে নিউ ইয়র্কে এবং মঈনুদ্দীন লন্ডনে অবস্থান করছেন। একাত্তরে অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে ৪৫ জনকে সাক্ষী করা হতে পারে বলে তদন্ত কর্মকর্তারা জানান। সংবাদ ব্রিফিংয়ে তদন্ত সংস্থার পক্ষ থেকে বলা হয়, আল-বদর বাহিনীর আশরাফুজ্জামান ও মঈনুদ্দীন বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেইনিং সেন্টারে নিয়ে যেতেন। সেখানে আটকে রেখে তাদের ওপর নির্যাতন করা হতো। তারপর মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে বুদ্ধিজীবীদের হত্যা করা হতো বলে তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছে। গত বছরের ২৫ সেপ্টেম্বর এই দুইজনের বিরুদ্ধে তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/জেকে/১৫৩৫ ঘ.