২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটাইলে মনোনয়ন জমা ১৮ অক্টোবরের মধ্যে

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠেয় উপ নির্বাচনে অংশ নিতে হলে মনোনয়নপত্র জমা দিতে হবে ১৮ অক্টোবরের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 06:24 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠেয় উপ নির্বাচনে অংশ নিতে হলে মনোনয়নপত্র জমা দিতে হবে ১৮ অক্টোবরের মধ্যে। মনোনয়নপত্র বাছাই করা হবে ২১ অক্টোবর। আর প্রত্যাহার করা যাবে ১ নভেম্বর পর্যন্ত। রোববার কমিশনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ ভোটের এই বিস্তারিত সময়সূচি ঘোষণা করেন। গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মতিউর রহমান মারা যাওয়ায় ঘাটাইলের এ আসনটি শূন্য হয়। আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “বিরোধী দলকে আগেও আহ্বান জানিয়েছি, এখনো আহ্বান জানাচ্ছি। আপনাদের মাধ্যমে প্রধান বিরোধী দল, সকল জোট ও স্বতন্ত্র প্রার্থীদের এ নির্বাচনে অংশ নিতে অনুরোধ করছি।” বিএনপিকে ঘাটাইল উপ নির্বাচনে আনতে আলাদা উদ্যোগ নেওয়া হবে কি না- জানতে চাইলে কাজী রকিব বলেন, “বিএনপির সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। সীমানা নির্ধারণ নিয়ে তারা আমাদের সহযোগিতা করছে, সার্বক্ষণিক যোগাযোগ আছে।” এ উপ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. খুরশীদ আনোয়ার। সহকারী হিসাবে তার সঙ্গে থাকবেন টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান। তফসিল ঘোষণার সময় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ এবং ইসি সচিব মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন। এ নির্বাচনী আসনে নবম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মতিউর রহমান ভোট পান ১ লাখ ৪০ হাজার ৬৪২ ভোট, ধানের শীষ প্রতীকে বিএনপি লুৎফুর রহমান আজাদ পান ৮৩ হাজার ৭৬ ভোট। এছাড়া খলিলুর রহমান গোলাপ ফুল প্রতীকে ১৬২৭ ভোট, গামছা প্রতীকে কাদের সিদ্দিকী ১০৮১, হাত পাখা নিয়ে আ. রশীদ ৯১৭ ভোট, কুলা নিয়ে কাজী আজিজুল হক (বিপুল) ২৩৮ ভোট পান। ‘উপ নির্বাচন মডেল হতে পারে না’ গাজীপুর উপ নির্বাচন নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামের সমালোচনা করে কাজী রকিব বলেন, উপ নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে বলে তিনি মনে করেন না। গাজীপুর-৪ আসনের উপ নির্বাচনকে ‘মডেল নির্বাচন’ করা হবে বলে সিইসির বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে গত ৩০ সেপ্টেম্বর ওই উপ নির্বাচনে ভোট পড়ে মাত্র ৪৩ দশমিক ৩ শতাংশ। এই প্রেক্ষিতে সোমবার তফসিল ঘোষণার পর সাংবাদিকরা জানতে চান, ওই নির্বাচন মডেল হয়েছে কি-না। জবাবে সিইসি বলেন, “উপ নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে না। এটা কে বলেছে? কেউ বললে বলতে পারে, আমি জানি না। আমি এ কথা বলিনি।” আগামী জাতীয় নির্বাচনে গাজীপুরের মতো ভোট হলে তা কতোটুকু গ্রহণযোগ্য হবে- এমন প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, “উপ নির্বাচন তো উপ নির্বাচনই। জাতীয় নির্বাচনের বিষয় জাতীয় নির্বাচনের সময় বোঝা যাবে।” তবে গাজীপুর নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ আগামী উপ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় জানান সিইসি। তিনি বলেন, “গাজীপুর উপ নির্বাচন সুন্দর পরিবেশে হয়েছে। ভোট পড়ার এ হার আমেরিকান স্ট্যান্ডার্ডে ভাল। তবে আমাদের এখানে ৮০-৯০ শতাংশ হয়। ভোটাররা কোনো বাধার সম্মুখীন হননি। সুষ্ঠু নির্বাচন হয়েছে।” বিরোধী দলের অনুপস্থিতি, বৃষ্টি, ‘ভোটার স্লিপ’ বিতরণ না হওয়া এবং একই পরিবারের দুই প্রার্থী থাকায় গাজীপুরে ভোটারদের উপস্থিতি কম ছিল বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১২১২ ঘ.