ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমের সমালোচনা করে এই প্রতিষ্ঠানটিকে সরকারের ‘এজেন্ট’ আখ্যায়িত করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকারের দুর্নীতিবাজ লোকজনকে সাদা সনদপত্র প্রদান এবং বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করাই বর্তমান দুদকের কাজ। এটি এই সরকারের এজেন্ট ছাড়া আর কিছুই করছে না।”
এর আগে দুপুরে মওদুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলা চলবে বলে উচ্চ আদালতের আদেশ হয়।
আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বিরুদ্ধে মামলাটি করা হয়।
মওদুদ বলেন, “জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। নিউ ইয়র্কে এক সভায় তিনি বলেছেন, তার সরকারে দুর্নীতি নেই। অথচ তার সরকারের দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বাতিল করেছিল। এই সরকারের ট্রেডমার্ক হয়ে গেছে দুর্নীতি।”
পদ্মা প্রকল্পে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংকের প্যানেল গঠনকে বাংলাদেশের জন্য ‘কলঙ্কজনক’ মন্তব্য করে মওদুদ বলেন, “এরপর সরকারের ইজ্জত থাকে কোথায়? কিন্তু তাদের কোনো লজ্জা নেই।”
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘রামুর সহিংস ঘটনা, নির্লিপ্ত প্রশাসন ও সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলা হয়।
রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ায় বৌদ্ধ বিহারে হামলার কারণ অনুসন্ধানে বিএনপির একটি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সাবেক আইনমন্ত্রী মওদুদ।
তিনি বলেন, “আমরা প্রত্যক্ষদর্শী ভিক্ষু ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে দেখেছি, তারা সবাই একবাক্যে বলেছেন, এটি পূর্বপরিকল্পিত ঘটনা। এমনভাবে ওই হামলা করা হয়েছে, যা একটি ষড়যন্ত্রের অংশ বিশেষ।”
বিএনপির তদন্ত প্রতিবেদন চলতি সপ্তাহেই দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হবে জানিয়ে মওদুদ বলেন, এরপর দেশবাসীর সামনে তা প্রকাশ করা হবে।
“বৌদ্ধ বিহারের হামলার ঘটনা জাতিকে কলঙ্কিত করেছে। আমাদের দেশ সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা আমাদের শুভাকাঙ্খী নয়,” বলেন এই বিএনপি নেতা।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৪১ ঘ.
bdnews24