২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের জনসভায় খালেদা

নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের এই কর্মসূচি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

হবিগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে হবিগঞ্জে জনসভা করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সকাল ১১টায় গুলশানের বাড়ি থেকে রওনা হয়ে বিকাল সাড়ে ৪টার দিকে জনসভাস্থল হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান তিনি। বিরোধীদলীয় নেতা পৌঁছলে মুহুর্মুহু মুহুর্মুহু করতালিতে তাকে স্বাগত জানায় সভাস্থলে উপস্থিত নেতা-কর্মী-সমর্থকরা। মঞ্চে থেকে হাত নেড়ে সেই শুভেচ্ছার জবাব দেন তিনি। খালেদা জিয়া পৌঁছার দেড় ঘণ্টা আগেই সভা শুরু হয়ে যায়। ১৮ দলীয় জোট আয়োজিত এই সভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল। জনসভার মঞ্চে আছেন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা। মাঠের চারপাশ বিভিন্ন রংয়ের ব্যানার, ফেস্টুনে ছেয়ে আছে। টানানো হয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি। খালেদাকে স্বাগত জানিয়ে মাধবপুর থেকে হবিগঞ্জ পর্যন্ত নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। হবিগঞ্জ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ১৮ দলের নেতা-কর্মীরা এই জনসভায় যোগ দিয়েছেন। নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে গণসংযোগ কর্মসূচি ঘোষণার পর ঢাকার বাইরে এটি খালেদার দ্বিতীয় জনসভা। গত ২৩ সেপ্টেম্বর তিনি দিনাজপুরে জনসভা করেছিলেন। বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি জানালেও ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হচ্ছে। হবিগঞ্জে সর্বশেষ ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছিলেন বিএনপি চেয়ারপারসন। জনসভার পর সন্ধ্যায়ই ঢাকার পথে রওনা হবেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭০১ ঘ.