২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার হবিগঞ্জ যাচ্ছেন খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার হবিগঞ্জ যাচ্ছেন। বিকালে সেখানে ১৮ দলের জনসভায় তার বক্তব্য রাখার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার হবিগঞ্জ যাচ্ছেন। বিকালে সেখানে ১৮ দলের জনসভায় তার বক্তব্য রাখার কথা। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সকাল ১০টায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়া সড়কপথে হবিগঞ্জ রওয়ানা হবেন। দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে মধ্যহ্নভোজ শেষ করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (নিউ ফিল্ডে) জনসভায় যোগ দেবেন তিনি।” নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনমত গঠনের অংশ হিসেবে খালেদা জিয়া সারাদেশে জনসভা করার যে কর্মসূচি নিয়েছেন, এটি তার দ্বিতীয়টি। এর আগে গত ২৩ সেপ্টেম্বর তিনি দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে জনসভায় বক্তব্য রাখেন। আমাদের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরী জানান, দীর্ঘ সময় পরে খালেদা জিয়া হবিগঞ্জ জেলা সদরে কোনো জনসভায় বক্তব্য রাখতে যাচ্ছেন। এ উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জনসভাকে সফল করতে মাঠ পর্যায়ের এক মাস প্রচারণা চালিয়েছেন স্থানীয় নেতারা। জনসভায় উপলক্ষে জেলার প্রবেশপথ মাধবপুর থেকে জনসভাস্থল পর্যন্ত নির্মাণ করা হয়েছে শতাধিক স্বাগত তোরণ। জনসভার জন্য নিউ ফিল্ডে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, আইন-শৃঙ্খলা বাহিনীর পাশপাশি দলের তিনশ স্বেচ্ছাসেবক সদস্য থাকবে বলে জানান জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৮১৪ ঘ.