২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরের মামলায় বিএনপির ২২ জনের আগাম জামিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ ছাড়া গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ ছাড়া গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় ২২ জনকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত আগাম জামিন দিয়েছে আদালত। জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সাইফুল ইসলাম নীরব, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব। মির্জা আব্বাসের নাম মামলার এজাহারে থাকলেও আসামির তালিকায় না থাকায় তাকে আগাম জামিন না দিয়ে আদালত গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা হয়। আদালতে জামিন প্রার্থীদের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাদেরকে সহায়তা করেন মো. মাহবুবুর রহমান খান। সরকার পক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/২২৩৯ ঘ.