ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে মরদেহ আনার পর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ সাবেক এই সংসদ সদস্যের কফিনে পুস্পমাল্য অর্পণ করেন।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় প্রথম নামাজে জানাজায় স্পিকার আবদুল হামিদ, সংসদের প্রধান হুইপ আবদুস শহীদ, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকসহ বিএনপি ও সরকারি দলের সংসদ সদস্যরা অংশ নেন।
স্পিকারসহ সরকার ও বিরোধী দলের প্রধান হুইপ মরহুমের কফিনে পুস্পমাল্য অর্পণ করেন।
মোহাম্মদ আলীর দুই ছেলে ও এক মেয়ে লন্ডন থেকে বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকালে মরহুমকে তার গ্রামের বাড়ি পূর্বধলার বারহা গ্রামে দাফন করা হবে।
এরপর শুক্রবার সকালে কফিন নিয়ে যাওয়া হবে নেত্রকোনায়। সেখানে বিকাল তিনটায় পূর্বধলা জগৎমনি উচ্চ বিদ্যালয় ও বাদআসর বারহা গ্রামে দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বুধবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা আসার পথে অসুস্থ মোহাম্মদ আলী মারা যান।
তার বয়স হয়েছিলো ৭৫ বছর। দীর্ঘদিন তিনি উচ্চরক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন।
নয়া পল্টনে জানাজা শেষে মরহুমের কফিন হিমঘরে রাখার জন্য অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৬১০ ঘ.
bdnews24