নরসিংদী, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌরসভার সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা মো. শাজাহানকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শাজাহান (৫০) ২ নম্বর ওয়ার্ডের দুই বারের নির্বাচিত কমিশনার (কাউন্সিলর) ছিলেন। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভার পুরানপাড়া এলাকায় বাড়ির সামনের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকসেদ মোল্লা।
তিনি বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনি বলা যাচ্ছে না। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তাদের প্রতিবেশী আব্দুল মতিন (৪০) সাংবাদিকদের বলেন, গত কয়েকদিন ধরেই শাজাহানের প্রতিবেশী আব্দুর রশীদের বাড়িতে কে বা কারা রাতে ঢিল দিচ্ছিল। সন্ধ্যায় সাবেক এই কমিশনার বাড়ির পাশে বসে আব্দুর রশীদ ও আলতাফ মিয়াকে সঙ্গে নিয়ে পাহারা দিচ্ছিলেন।
এ সময় একদল সন্ত্রাসী শাহজাহানকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। তার সঙ্গে থাকা সঙ্গীরা তখন দৌড়ে পালিয়ে যায় বলে জানান মতিন।
আওয়ামী লীগের শহর শাখার সভাপতি মন্তাজ উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাজাহানকে বাড়ির সামনেই কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
গত বছরের ১ নভেম্বর রাতে দুর্বৃত্তদের গুলিতে দলীয় কার্যালয়ে খুন হন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১৫ ঘ.
bdnews24