ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, কোনো দলীয় নয়, নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে।
মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি আরো বলেন, “আর সেই নির্বাচনে আওয়ামী লীগকেও আসতে হবে। তাই তাদের অবশ্যই সংবিধান সংশোধন করতে হবে। না করে তারা যাবে কোথায়?”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা প্রয়াত সাঈদ এস্কান্দার স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রে এক মাস অবস্থান করে দেশে ফিরে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপিও আসবে।
“আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই- এটা কখনোই হবে না। যদি প্রধানমন্ত্রী এরকম মনে করে থাকেন, তাহলে তিনি ভুল করবেন।
“বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। তাদের অধীনে কোনো নির্বাচন করতে দেয়া হবে না।’’
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ সরকার সম্পর্কে বহির্বিশ্বের মানুষের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে মওদুদ দাবি করেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের অনেকের সঙ্গে তার কথা হয়েছে। কেউই মহাজোট সরকারের কর্মকা-ে সন্তুষ্ট নয়। সরকারের কোনো শুভাকাঙ্খী তিনি খুঁজে পাননি। এই সরকার বন্ধুহীন হয়ে পড়েছে বলেও তিনি মনে করেন।
বিশ্বব্যাংকের সংস্কার সম্পর্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রস্তাবেরও সমালোচনা করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ।
এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে বলব, বিশ্বব্যাংকের সংস্কার করার অধিকার ও ক্ষমতা আপনার নেই। তাই ওইসব বক্তব্য না দিয়ে দেশ ও সরকারের সংস্কার করুন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’’
আলোচনার শুরুতে মওদুদ প্রয়াত সাঈদ এস্কান্দারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার বর্ণাঢ্য জীবনের ওপর আলোকপাত করেন।
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩৮ ঘ.
bdnews24