২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরীক্ষা ভণ্ডুলে জামায়াত-শিবিরের পরিকল্পিত হামলা’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভণ্ডুল ও শিক্ষার পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে জামায়াত-শিবির চক্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভণ্ডুল ও শিক্ষার পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে জামায়াত-শিবির চক্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। মঙ্গলবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ সম্পর্কে বিকালে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের একথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবির কর্মীদের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করতে গিয়ে লাঞ্ছিত হন প্রক্টোরিয়াল বডির ছয় সদস্য। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, ছাত্র সংর্ঘষের ওই ঘটনায় জামায়াত-শিবিরের হামলা ছিল পরিকল্পিত। ঘটনার পর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্ত রয়েছে। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দল জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে রামুর সহিংসতার কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা দেখা হবে।” রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে পুলিশসহ আইন-শ্ঙ্খৃলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো ধরনের গাফলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে বলে টুকু জানান। সংঘর্ষের কারণে আগামী ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা বাতিল করা হবে কিনা জানতে চাইলে এর কোনো জবাব দেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৫৯ ঘ.