২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ১৮ দলের সভামঞ্চে হামলা, সংঘর্ষ

১৮ দলীয় জোটের সভামঞ্চে আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

নেত্রকোণা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ দলীয় জোটের সভাকে সামনে রেখে নেত্রকোণা শহরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ও ১৮ দলীয় জোটের সভামঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া ১৬টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস ভাংচুর করা হয় বলে জানিয়েছে স্থানীয়রা। হামলা হয়েছে বাড়িঘরেও। ছবি তুলতে গিয়ে হামলার শিকার চ্যানেল আইয়ের নেত্রকোণা প্রতিনিধি জাহিদ হাসান জানান, ১০/১২ জন যুবক তাকে বেধড়ক পেটায় এবং তার ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেয়। সংঘর্ষের সত্যতা স্বীকার করে নেত্রকোণা মডেল থানার ওসি আজিজুর রহমান জানান, সভামঞ্চ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের জানান, সকাল ১১টায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট মহুয়া মিলনায়তনে নির্ধারিত কর্মী সভা ছিল। কিন্তু সোমবার রাতে যুবলীগ ও ছাত্রলীগ যৌথভাবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একই সময়ে মহুয়া মিলনায়তনে সভা আহ্বান করলে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। “স্থান পরিবর্তন করে শহরের পারলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে সকাল পৌনে ১১টার দিকে সভা করার প্রস্তুতিকালে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা সেখানে হামলা চালায়।” হামলায় প্রায় ২০ জন আহত হয়েছে বলে দাবি করেন তিনি। পারলার খায়রুল ইসলাম জানান, তার বাড়িসহ গ্রামের অন্তত ২৫টি বাড়িতে হামলা হয়েছে। একই গ্রামের রেজাউল ইসলাম জানান, সংঘর্ষের সময় ১৬টি মোটর সাইকেল, একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়। “এছাড়া আটপাড়া উপজেলার দোওজ গ্রামের আব্দুর রশিদের একটি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।” এ ব্যাপারে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেউ কথা বলতে রাজি হননি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৮৩৩ ঘ.