ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাসব্যাপী কর্মসূচি শেষ হওয়ার পর সারাদেশে গণমিছিল ও রাজধানীতে সমাবেশসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং ক্ষমতাসীনদের ‘দুর্নীতি’ ও বিরোধী দলের ওপর ‘নির্যাতনের’ প্রতিবাদে ৭ থেকে ২০ অক্টোবর দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১৩ দিনের এ নতুন কর্মসূচি ঘোষণা করেন।
নতুন কর্মসূচির আওতায় ৭ থেকে ২০ অক্টোবর ঢাকার ৮টি স্থানে সমাবেশ, ১৭ অক্টোবর ঢাকাসহ মহানগর ও জেলা সদরে গণমিছিল, ১০ অক্টোবর ঢাকাসহ মহানগর, জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করবে ১৮ দলী জোট।
এছাড়া ঢাকার সাভার ও কেরানীগঞ্জে তিনটি, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের টঙ্গিতে একটি করে সমাবেশ হবে।
বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, “জোটের মাসব্যাপী কর্মসূচি ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। তবে কয়েকটি কর্মসূচি বাকি আছে। তা কয়েকদিনের মধ্যে শেষ হবে। ওই কর্মসূচিগুলো সফল করতে সারাদেশে জোটের ২৭টি টিম কাজ করছে।
“সেজন্য আমরা ঈদুল আজহার আগ পর্যন্ত নতুন কর্মসূচি ঠিক করেছি। দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সরকারকে নির্দলীয় সরকারের দাবি মানতে বাধ্য করা হবে। যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।”
রামু, উখিয়া ও পটিয়াতে বৌদ্ধবিহারের হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে রিজভী বলেন,“আমরা এই ন্যাক্কারজনক ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছি। যাতে অপরাধীদের খুঁজে বের করা যায়। কিন্তু সরকার বিরোধী দলের নেতা-কর্মীদেরে গ্রেপ্তার করছে, এটা দূরভিসন্ধিমূলক। আমরা এহেন গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি।’’
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে বৈঠকে জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক তাসনীম আলম, কর্মপরিষদ সদস্য আবদুল্লাহ মো. তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব সাহাদাৎ হোসেন সেলিম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট মাহবুব হোসেন, কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক, এনপিপির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমডি/১৫১০ ঘ.
bdnews24