২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটাইলে উপনির্বাচনের প্রস্তুতি শুরু

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে উপ-নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 04:14 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে উপ-নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার এ বিষয়ে নির্বাচন কমিশনার মো: শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, “টাঙ্গাইল-৩ আসনের উপ-নির্বাচনের জন্য এ মাসের মাঝামাঝি তফসিল ঘোষণা করা হবে। ভোট হবে নভেম্বরের মাঝামাঝি সময়ে। এ অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে কমিশন।” সব দলের অংশগ্রহণে এ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন এ নির্বাচন কমিশনার। রোববার অনুষ্ঠিত গাজীপুর-৪ উপ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি। টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপিকে আনার বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, “কমিশন চায় সকল দলই নির্বাচনে অংশ গ্রহণ করুক। নির্বাচনে আসা বা না আসা দলের সিদ্ধান্তের ব্যাপার। এখানে কমিশনের উদ্যোগ নেওয়ার কিছু নেই।” কমিশন কেবল সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে বলে জানান তিনি। “কমিশনের কর্মকা- নিয়ে কোনো দলের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আমরা তা দূর করতে পারি। এর বাইরে তাদেরকে নির্বাচনে আনার অন্য কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আমাদের হাতে নেই। ” আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা থাকায় কমিশনকে ১২ ডিসেম্বরের মধ্যে টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচন করতে হবে। ইসি কর্মকর্তারা জানান, ভোটগ্রহনের সম্ভব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর। তবে আগামী ১৪ অক্টোবর তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে । গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মতিউর রহমান মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। নবম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মতিউর রহমান ভোট পান ১ লাখ ৪০ হাজার ৬৪২ ভোট, ধানের শীষ প্রতীকে বিএনপি লুৎফুর রহমান আজাদ পান ৮৩ হাজার ৭৬ ভোট। এছাড়া খলিলুর রহমান গোলাপ ফুল প্রতীকে ১৬২৭ ভোট, গামছা প্রতীকে কাদের সিদ্দিকী ১০৮১, হাত পাখা নিয়ে আ. রশীদ ৯১৭ ভোট, কুলা নিয়ে কাজী আজিজুল হক (বিপুল) ২৩৮ ভোট পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/২২০৯ ঘ.