চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ক্ষেত্রে ‘দুর্নীতি ও অনিয়মের’ অভিযোগ তুলে তা তদন্তের দাবি জানিয়েছেন।
সোমবার বিকালে বন্দরের চার নম্বর জেটি গেট এলাকায় বন্দর রক্ষা পরিষদের ব্যানারে আয়োজিত এক সমাবেশে কথিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক এ মেয়র।
একইসঙ্গে সমাবেশে আন্দোলনের বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন মহিউদ্দিন চৌধুরী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, “বন্দরে চুরি-ডাকাতি হচ্ছে তা অনেকে জানে না। আমি তা উদঘাটন করেছি। আমি অসুস্থ তবু জীবন বাজি রেখে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিরসনে মাঠে নেমেছি। তাই অনেকের মনে ভয়।”
তিনি উল্লেখ করেন যে, চক্রান্তকারীদের মধ্যে কিছু আছে বন্দরের বাইরের লোক, আর কিছু ভেতরে। কতিপয় চক্র মাফিয়াদের উৎসাহিত করতে মাঠে নেমেছে।
তিনি এও অভিযোগ করেন, যারা মাঠে নেমেছে তারা টাকার ভাগাভাগিতে লিপ্ত হয়েছে।
“বয়স হলেও আমার সাহস আছে। অনিয়মের বিরুদ্ধে এ লড়াই আমার ঈমানী লড়াই। এ লড়াই চলবে।”
দুপুর থেকেই সমাবেশস্থল ও এর আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।
বন্দরের চার নম্বর জেটি গেটের সামনে সমাবেশ চলাকালে দ্বিমুখী এই সড়কের একপাশে যান চলাচল বন্ধ ছিল। তবে সড়কের অপর পাশ দিয়ে বন্দরগামী যানবাহন চলাচল করায় কোনো যানজট সৃষ্টি হয়নি।
সমাবেশ থেকে মহিউদ্দিন চৌধুরী আগামী ৮ অক্টোবর ডক শ্রমিক কর্মচারীদের সমাবেশ, ১৫ অক্টোবর লেসিং-আনলেসিং শ্রমিকদের সমাবেশ ও ২১ অক্টোবর জাহাজ পাহারাদারদের সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।
এ সমাবেশের কয়েক ঘণ্টা আগে সোমবার বেলা ১ টার দিকে ফকিরহাট এলাকায় ডক বন্দর শ্রমিক ঐক্য পরিসদের নেতাকর্মী ও বন্দর এলাকার সাংসদ এম এ লতিফের অনুসারীরা এক প্রতিবাদ-সমাবেশ করে।
এ সমাবেশে বন্দর নিয়ে মহিউদ্দিন চৌধুরীর আন্দোলনের সমালোচনা করা হয়। তবে এতে সাংসদ লতিফ উপস্থিত ছিলেন না।
বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অপারেটর নিয়োগের দরপত্রে অনিয়মের অভিযোগ তুলে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী আন্দোলন শুরু করলে এর বিরোধিতা করেন সাংসদ এম এ লতিফ।
এই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার ভবনের সামনে পাল্টাপাল্টি কর্মসূচিতে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের হাতে লাঞ্ছিত হন সাংসদ লতিফ।
সর্বশেষ গত রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে বন্দরের উপদেষ্টা কমিটির ষষ্ঠ সভায় এ দুই নেতার দেখা হয়।
৪৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুর আহমদের সভাপতিত্বে বন্দর রক্ষা পরিষদের সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্দর নাগরিক অধিকার পরিষদের সদস্য সচিব মো. ইলিয়াস, শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, আওয়ামী লীগ সহ-সভাপতি এ কে এম বেলায়েত হোসেন, সাম্যবাদী দলের অমূল্য বড়–য়া, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, বন্দর শ্রমিক নেতা মমতাজ উদ্দিন, আব্দুল আহাদ, ওয়াহিদুল¬াহ সরকার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২১২৫ ঘ.
bdnews24