পটুয়াখালী, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির এক কেন্দ্রীয় নেতার বাড়িতে যুবলীগ ও ছাত্রলীগকর্মীদের হামলায় দু’জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক এ বি এম মোশারেফ হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শহরের এতিমখানা এলাকায় তার বাসভবনে এ হামলা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছে উপজেলা আওয়ামী লীগ।
মোশারেফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের একদল কর্মী ১৫-২০টি মোটরসাইকেলে তার বাসার সামনে এসে ইটপাটকেল মারতে থাকে এবং বাসার গেইট ভাংচুর করে। এছাড়া বাসার বাইরে থাকা সমর্থকের একটি মোটরসাইকেলও ভাংচুর করে তারা।
ইটের আঘাতে যুবদল নেতা রিটেল বাবু ও মো. রাজুর মাথা ফেটে গেলে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি মোশারেফ হোসেন।
কলাপাড়া থানার ওসি মো. ইসহাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কতিপয় ছেলে মোটরসাইকেলে যাওয়ার সময় মোশারেফ হোসেনের বাসায় ইটপাটকেল মেরেছে।
তবে পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি বলে জানান ওসি।
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এস এম রাকিবুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা ডাহা মিথ্যা কথা। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহরে মিছিল বের হলে ১০/১৫টি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা তার বাসার সামনে গিয়ে স্লোগান দেয় বলে জানান রাকিবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24