২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে হামলাকারীদের কেউই পার পাবেনা: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলাকারীরা যেই হোক, তাদের কেউই পার পাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

কক্সবাজার, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলাকারীরা যেই হোক, তাদের কেউই পার পাবে না। সোমবার বিকালে রামু সদরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন। তিনি আরো বলেন, “রামুর ওই তা-বে যারাই জড়িত তাদের চিহ্নিত করতে বলা হয়েছে। যারা এসব ঘটনায় ইন্ধন দিয়েছে, হামলা করেছে তারা যত শক্তিশালীই হোক না কেন তাদের কেউই পার পাবে না।” রামুতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দল মত নির্বিশেষে একযোগে কাজ করার আহ্বান জানান এই অওয়ামী লীগ নেতা। কোরআন অবমাননার অভিযোগ এনে শনিবার রাতে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে। হানিফ জানান, ফেইসবুকে কোরআনের অবমাননা করে যে ব্যক্তি ছবি দিয়েছে তাকে শুধু গ্রেপ্তার নয়, আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, “ইসলাম ধর্ম রক্ষায় আমরা সংগ্রাম করতে পারি, কিন্তু এর নামে লুটপাট, ভাংচুর অগ্নিসংযোগ-হামলা করতে পারি না। ইসলাম তা বলে না, ইসলাম শান্তির ধর্ম।” বিশেষ অতিথির বক্তব্যে এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেন, ফেইসবুকে যে কোরআন অবমাননার ছবি দিয়েছে তাকে খুঁজে বের করা হবে। কিন্তু এর আগে যারা হামলা-লুটপাট চালিয়েছে তাদের বিচার হবে। “যারা রামুসহ বিভিন্ন এলাকায় মন্দির ভাংচুর-লুটপাট-আগুন দিয়েছে তাদের কোনো ধর্ম নেই।” নানক রামুর ঘটনায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার দেওয়া বিবৃতির সমালোচনা করে বলেন, এসব ঘটনার পেছনে কারা জড়িত তাদের চিহ্নিত করা হচ্ছে। দায়ীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কোনো অবস্থায়ই সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর হামলা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রতিমন্ত্রী। রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, অপর সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন প্রমুখ। এর আগে হানিফ ও নানকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/১৯৩৮ ঘ.