২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশি-বিদেশি মৌলবাদীদের দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির এবং ঘরবাড়িতে হামলা ও অগ্নিকা-ের সঙ্গে জড়িতরা দেশীয় ও আন্তর্জাতিক মৌলবাদী সংগঠনের সঙ্গে জড়িত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির এবং ঘরবাড়িতে হামলা ও অগ্নিকা-ের সঙ্গে জড়িতরা দেশীয় ও আন্তর্জাতিক মৌলবাদী সংগঠনের সঙ্গে জড়িত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সোমবার বাংলাদেশ বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগুন দেওয়ার সময় তারা গান পাউডার ব্যবহার করেছেন। পেট্রোল ও কেরোসিনও তারা সঙ্গে এনেছিল। পরিকল্পিত না হলে বা দেশি-বিদেশি সম্পৃক্ততা ছাড়া এটা করা যায় না।” কমিটির সভাপতি সঙ্গনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দলটি মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে দেখা করেন। প্রায় ৩০ মিনিট বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ঘটনার পর সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক দৃঢ় পদক্ষেপ নেওয়া এবং জড়িতদের গ্রেপ্তার করায় বৌদ্ধ নেতারা ধন্যবাদ জানাতে এসেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কক্সবাজারের রামু এবং চট্টগ্রামের উখিয়ায় বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় কক্সবাজারে ৯৩ এবং চট্টগ্রামে ৭৩ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এরা মৌলবাদী ও তাদের সহযোগী। এজন্য ১৭টি মামলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ও মন্দির পুনর্নিমাণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে তিনি জানান। হামলার ঘটনার পর স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ নিয়ে তদন্ত করতে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি প্রশাসনিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১০ দিনের মধ্যে তদন্ত করে গাফিলতির বিষয়ে প্রতিবেদন দেবে। হামলায় একজন নিহতের খবর প্রসঙ্গে তিনি বলেন, একটি দৈনিক একজন মহিলার নিহতের যে সংবাদ ছেপেছে, তা ভুল। এ বিষয়টি খতিয়ে দেখেছি। ওই মহিলা ভিড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার-রামু আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল রামুতে হামলার পেছনে উস্কানি দিয়েছেন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঘটনার সময় তিনি বলেছেন, যারা এটা করেছে, তাদের খুন করা হোক। এটা রেকর্ডেড বিষয়। বিএনপি-জামায়ত সব সময় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে।” বৌদ্ধ ধর্মীয় নেতা মহাথেরো হামলার পর দ্রুত পদক্ষেপের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, “এটা অত্যন্ত পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক ঘটনা।” মন্ত্রী ১০ দিনের মধ্যে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়ার হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৮৪১ ঘ.