ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার নেতৃত্বে গণমিছিলের সব প্রস্তুতি চূড়ান্ত বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
সোমবার দুপুর ২টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হবে। কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার গিয়ে তা শেষ হবে।
মিছিল শুরুর আগে বিএনপি চেয়ারপারসন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন বলে বিএনপি নেতারা জানান।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে এই গণমিছিল করছে বিএনপি। মহাজোট সরকারের আমলে এই প্রথম খালেদা গণমিছিল নিয়ে রাজপথে নামছেন।
একই দিনে বেলা ৩টায় বঙ্গবন্ধু এভিনিউতে জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যুদ্ধাপরাধের বিচার বানচালের ‘ষড়যন্ত্র’র প্রতিবাদে তাদের কর্মসূচি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এই গণমিছিলের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমাদের নেতা-কর্মী-সমর্থকসহ চার দলের শরিক ও সমমনা দলগুলো মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নেবেন।”
বিএনপি নেতারা জানান, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, খেলাফত মজলিশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, কল্যাণ পার্টি, জাগপা, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ ভাসানী, লেবার পার্টি, ইসলামিক পার্টি, মুসলিম লীগ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ও জমিয়তে উলামা ইসলাম এই মিছিলে যোগ দেবে।
বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, “গণমিছিলের সব প্রস্তুতি আমরা শেষ করে ফেলেছি। আমরা আশা করছি, এই গণমিছিলে মানুষের ঢল নামবে।”
কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে পুলিশের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।
গণমিছিলের কারণে সকাল থেকে নয়া পল্টন, খিলগাঁও, মতিঝিল, বিজয় নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজারসহ পুরো সড়কে ব্যাপক পুলিশ দেখা যাচ্ছে। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সকাল সাড়ে ৮টা থেকে অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। কোনো প্রকার নাশকতা যাতে না হয়, সে ব্যাপারেও আমরা সতর্ক।”
এই গনমিছিল উপলক্ষে মহানগর পুলিশ অতিরিক্ত ৫ হাজার সদস্য মোতায়েন করেছে বলে কর্মকর্তারা জানান।
গত ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউণ্ড মাঠ থেকে খালেদা জিয়া ঢাকাসহ সারাদেশের বিভাগ ও জেলা সদরে ২৯ জানুয়ারি গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু একইদিন আওয়ামী লীগও পাল্টা জনসভার ঘোষণা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশালসহ কয়েকটি জেলায় পুলিশ মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।
রোববার জেলায় জেলায় গণমিছিলের কর্মসূচি ঠিক রেখেছিল বিএনপি। গণমিছিলের সময় লক্ষ্মীপুর ও চাঁদপুরসহ কয়েকটি জেলায় পুলিশের সঙ্গে বিরোধী দলের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। তাতে নিহত হয় চার জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০১০ ঘ.
bdnews24