ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন জেলায় বিএনপির গণমিছিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ এবং তিন জন নিহত হওয়ার পর স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
রোববার রাত ৮টায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিভিন্ন জেলায় বিএনপির গণমিছিলের ওপর পুলিশি নির্যাতনের পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে ম্যাডাম এই বৈঠক ডেকেছেন।”
বিএনপির গণমিছিল কর্মসূচিতে বাধার ঘটনায় সকালে দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশের গুলিতে চাঁদপুরে দুজন এবং লক্ষ্মীপুরে দুজন নিহত হয়েছেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ৯ জানুয়ারি চট্টগ্রামে এক জনসভা থেকে ২৯ জানুয়ারি সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
কিন্তু আওয়ামী লীগ একই দিনে রাজধানীতে জনসভা করার ঘোষণা দিলে রোববার সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। নিষেধাজ্ঞা জারি করা হয় চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাতেও। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনাতে জারি করা হয় ১৪৪ ধারা।
এই পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রামসহ মহানগরগুলোর গণমিছিল কর্মসূচি একদিন পিছিয়ে সোমবার পালন করার ঘোষণা দেয় বিএনপি। তবে জেলায় জেলায় রোববারের কর্মসূচি বহাল থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৬২৯ ঘ.
bdnews24