ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার আগে দুটি স্থানে প্রশ্নপত্র উদ্ধার হওয়ায় খাদ্য অধিদপ্তরের দুটি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’র ঘটনা তদন্ত করবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
শুক্রবার রাতে এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, তদন্তে প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত দেশের ২১টি জেলায় খাদ্য অধিদপ্তরের সহকারি উপখাদ্য পরিদর্শক এবং নিম্নমান সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পদে নিয়োগ পরীক্ষা হয়।
কিন্তু বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নপত্রসহ দুই শিক্ষার্থীকে আটক করা হয়। শুক্রবার ভোরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন থেকে প্রশ্নপত্র আট জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
উদ্ধার করা প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু মিল পাওয়া গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও কুড়িগ্রামের জেলা প্রশাসক।
প্রশ্নপত্র ফাঁস নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন হওয়ার পরিপ্রেক্ষিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রশ্নপত্র প্রণয়ন ও বিভিন্ন কেন্দ্রে তা সরবরাহ নিয়ে ব্যাখ্যা দিয়েছে।
ওই ব্যাখ্যায় বলা হয়, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রণের কোনো প্রক্রিয়ায় খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের কোনো পর্যায়ের কর্মকর্তা সংশ্লি¬ষ্ট ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউিট (আইবিএ) প্রশ্নপত্র প্রণয়ন করে।
প্রশ্নপত্র আইবিএ সিলগালা অবস্থায় ইসলামিক ফাউন্ডেশন প্রেসে পাঠায়। ইসলামিক ফাউন্ডেশন প্রশ্নপত্র মুদ্রণ করে সিলগালা করে তা প্রেস অফিসে অবস্থানকারী খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের কাছে হস্তান্তর করে।
প্রেস অফিস থেকেই সিলগালা অবস্থায় প্রশ্নপত্র বিভিন্ন জেলায় পাঠানোর জন্য সংশ্লি¬ষ্ট জেলা প্রশাসকের প্রতিনিধির (ম্যাজিস্ট্রেট) কাছে হস্তান্তর করা হয়।
খাদ্য মন্ত্রণালয় বলছে, “ম্যাজিস্ট্রেটরা প্রশ্নপত্র নিয়ে সংশ্লি¬ষ্ট জেলার ট্রেজারিতে রাখেন। পরীক্ষার সময় সেখান থেকে প্রশ্নপত্র সংশ্লি¬ষ্ট জেলার পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়।”
সহকারী উপখাদ্য পরিদর্শকের ৪২৮টি পদের বিপরীতে ২ লাখ ১৮ হাজার এবং নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৫০৩টি পদের বিপরীতে ৩০ হাজার প্রার্থী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/এমআই/২২১০ ঘ.
bdnews24