ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের ‘শেষ’ দিন জানিয়ে দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনী।
তার কথা সত্যি হলে, ১২ মার্চ ঢাকায় চারদলীয় জোটের জনসভার পর এই সরকার আর ক্ষমতায় থাকবে না।
খালেদা জিয়ার ওই সমাবেশে কোটি মানুষ সমবেত হবে বলেই আশা করছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আমিনী।
সরকারের বাধায় সভা-সমাবেশে অংশ নিতে না পারার অভিযোগ করে আসা আমিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, “আগামী ১২ মার্চ হবে মহাজোট সরকারের শেষ দিন।
“সব বাধাকে উপেক্ষা করে সামনে চলতে হবে। আওয়ামী লীগ সরকার যতই জুলুম নির্যাতন করুক না কেন এখন আর নিরব বসে থাকার সময় নেই।”
তিনি বলেন, “আওয়ামী লীগের গোলামী করে এই দেশে বেঁচে থাকার কোনো অর্থ নেই। তারা এ দেশের সব মানুষকে তুচ্ছ ও নমশূদ্র মনে করে। আওয়ামী লীগের সমালোচনা করলে কেউ রেহাই পায় না।”
“আওয়ামী লীগ সরকার যাকে ইচ্ছা তাকে গ্রেপ্তার করবে, যাকে ইচ্ছা যুদ্ধাপরাধী বানাবে, যাকে ইচ্ছা রাজাকার বলবে, যাকে ইচ্ছা জঙ্গিবাদি বানাবে, যাকে ইচ্ছা দেশদ্রোহী বানাবে,” বলেন আমিনী।
সেনা অভ্যুত্থানচেষ্টার ঘটনাটিকে সাজানো আখ্যা দিয়ে তিনি বলেন, “১২ মার্চ সরকারের পতন ঘটবে- এই ভয়ে সরকার সেনা অভ্যুত্থানসহ আরো কত কথা বলছে।”
বর্তমান সরকারকে ভারতের ‘আজ্ঞাবহ’ অভিহিত করে আমিনী বলেন, “ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারত যদি মনে করে, বাংলাদেশকে গিলে ফেলা তাদের জন্য সহজ। কিন্তু মনে রাখতে হবে, এটা তাদের জন্য ক্যান্সারের কারণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৯০০ ঘ.
bdnews24