২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুর রাজ্জাকের স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুর রাজ্জাককে সংসদ অধিবেশনে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুর রাজ্জাককে সংসদ অধিবেশনে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নবম সংসদের দ্বাদশ অধিবেশনে রাজ্জাকের ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগের নানা কার্যক্রম, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার নানা কথা তুলে ধরেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “আব্দুর রাজ্জাকের মৃত্যুতে একজন মুক্তিযোদ্ধা, ভালো সংগঠক ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারিয়েছি।” বুধবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ ডিসেম্বর লন্ডনে মৃত্যু হয় আব্দুর রাজ্জাকের। রাজ্জাকসহ প্রয়াত রাশেদ মোশারফ, আবদুর রউফ, শামসুর রহমান খান শাহজাহান, এমএ কফিল উদ্দিন, এমএ ওহাব, হামিদুজ্জামান সরকার, মুহাম্মদ হামিদুল্লাহ খান, এম আর মজুমদার, নজরুল ইসলাম, আবদুল হাই, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য নিত্যানন্দ দাস চৌধুরী, জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, সাংবাদিক রশীদ তালুকদার, সংসদ সচিবালয়ের উপসচিব আবুল হোসেন এবং সহকারী সচিব নাজিম উদ্দিন খন্দকারের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়। এরপর এক মিনিট নিরবতা পালন করা হয়। ‘তিনি শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে গেছেন’ ৬৪ বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের শুরুর সময়ের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে (কারাগারে থাকাকালীন) ছাত্রলীগের যে কোনো নির্দেশনা দিতেন তার মা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। এ সময় রাজ্জাক সাহেব বেগম মুজিবের কাছ থেকে নির্দেশনা নিতেন। “যা যা করা দরকার তিনিই (বঙ্গমাতা) করতেন। ছাত্র রাজনীতি থেকেই রাজ্জাক সাহেবের সঙ্গে কাজ করার সুযোগ হয় আমার। প্রতিটি মিছিল মিটিংয়ে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার।” রাজ্জাক বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন। বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা ও ফজিলাতুন্নেছা মুজিব তাকে (রাজ্জাক) বেশ øেহ করতেন বলে উল্লেখ করেন হাসিনা। তিনি বলেন, “রাজ্জাক সাহেবের বিয়ের ঘটকালি করেছেন আমার মা। তার কনে দেখা থেকে শুরু করে বিয়ের সব আয়োজনই করেছিলেন আমার মা।” ‘তার মৃত্যুতে সততা নৈতিকতার পতন’ ছাত্র রাজনীতি করার সময় রাজ্জাকের ওপর ভরসা করতেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “তার ওপর ভরসা করতাম আমি। তার সঙ্গে রাজনীতি করেছি; আজ তিনি নেই। তিনি দেশে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে গেছেন। মুক্তিযোদ্ধা, সংগঠক ও দেশপ্রেমিক একজন রাজনীতিককে আমরা হারিয়েছি।” এর আগে আলোচনায় অংশ নিয়ে তোফায়েল আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দেখে যাওয়াই ছিল তার একমাত্র স্বপ্ন। “যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে চলেছে। এ আন্দোলন সংগ্রাম আমরা এগিয়ে নিয়ে যাবো।” সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রাজ্জাকের মৃত্যুতে রাজনৈতিক আদর্শ, সততা ও নৈতিকতার নীরব পতন হয়েছে। তার মৃত্যুর পরে প্রমাণ হয়েছে জনগণের রায়ই সবার ওপরে। শোকপ্রস্তাবে আলোচনায় আরো অংশ নেন রহমত আলী,, রুহুল আমিন হাওলাদার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, আবুল মাল আবদুল মুহিত, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে স্পিকার আবদুল হামিদ বলেন, সংসদ রাজনীতির প্রাণকেন্দ্র। জনগণের চাহিদা ও প্রত্যাশা পূরণের জন্য সংসদই হচ্ছে প্রধান কেন্দ্র। তিনি বলেন, সংসদকে কাজে লাগিয়ে সরকারি ও বিরোধী দলের সাংসদরা রাজনৈতিক উদ্দেশ্য অর্জনে এগিয়ে যেতে পারেন। তাই সংসদকে কার্যকর করার ক্ষেত্রে সরকারি পাশাপাশি বিরোধী দলকেও ভূমিকা রাখতে হবে। দিনের শুরুতে পাঁচজনকে সভাপতিমণ্ডলী মনোনীত করা হয়। আব্দুল মতিন খসরু, মুজিবুল হক চুন্নু, আকম মোজাম্মেল হক, জাফরুল ইসলাম চৌধুরী ও নাজমা আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২৪ ঘ.