২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়িদের মূল ধারায় আনা জরুরি: ইমাম

পার্বত্য অঞ্চলে বসবাসকারীদের মূল ধারায় সম্পৃক্তকরণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য অঞ্চলে বসবাসকারীদের মূল ধারায় সম্পৃক্তকরণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “পার্বত্য এলাকায় বসবাসকারীদের মূল ধারার নিয়ে আসা জরুরি। পাহাড়ি-বাঙালি সবাইকে নিয়েই ভিশন-২০২১ বাস্তবায়ন করতে হবে।” এইচ টি ইমাম অভিযোগ করেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সমতল থেকে লোক নিয়ে পার্বত্য এলাকায় বসতি স্থাপনের মাধ্যমে সেখানকার জনসংখ্যার ভারসাম্য নষ্ট করা হয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে শান্তিচুক্তি হওয়ার পর পার্বত্য এলাকায় স্কুল-কলেজ, রাস্তাঘাট নির্মাণসহ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি। ১৯৭৯ সালে সরকারি ব্যবস্থাপনায় পার্বত্যাঞ্চলে বাঙালিদের পুনর্বাসন শুরুর পর থেকে সামরিক শাসন পর্যন্ত এ ধারা চলছিলো। স্বায়ত্তশাসনকামী পাহাড়িদের সঙ্গে মধ্য সত্তরের দশক থেকে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে শান্তি চুক্তি সই হয়। চুক্তির পর থেকে প্রতিটি সরকার এর বাস্তবায়নকাজ এগোচ্ছে বলে দাবি করলেও পাহাড়ি নেতাদের অভিযোগ, চুক্তির মৌলিক বিষয়ের কোনোটি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। পার্বত্য এলাকায় শান্তি স্থিতিশীলকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে বলে জানান উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, “পার্বত্য এলাকায় বসাবাসকারীদের জন্য পাবলিক সার্ভিস কমিশনসহ বিভিন্ন সরকারি চাকরিতে কোটা রাখা হয়েছে। অথচ পিএসসির পরীক্ষায় পার্বত্য এলাকার কোটা পূরণ হচ্ছে না।” ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন দি চট্টগ্রাম হিল ট্র্যাকস: এ ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেন, “পার্বত্য এলাকায় বসবাসকারীদের সমান সুযোগ সুবিধা দিতে হবে। মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করে এদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে।” পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাহ আলম, পার্বত্য চট্টগ্রামের শরণার্থী বিষয়ক ট্রার্সফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্ট্র্রিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (আইসিআইএমওডি) পরিচালক ডেভিড মলডেন, ইউএনপিডির আবাসিক পরিচালক স্টেফেন প্রিসনার, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) আবাসিক পরিচালক অ্যান্ড্রি বোগুল ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৬৪০ ঘ.