ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমন্ত্রণ নিয়েও অনুষ্ঠানে না যাওয়ায় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের ওপর ক্ষুব্ধ হয়েছেন সরকার সমর্থক চিকিৎসা সহকারীরা। মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তারা।
বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎক পরিষদের একটি অনুষ্ঠানে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী থাকবেন বলে ঘোষণা করা হয়েছিল। জাতীয় জাদুঘর মিলনায়তনের এই অনুষ্ঠান ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও মন্ত্রীর জন্য ১২টা পর্যন্ত অপেক্ষা করা হয়, তবে তিনি যাননি।
অনুষ্ঠানের অতিথির তালিকায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের নাম থাকলেও তাদেরও অনুষ্ঠানে দেখা যায়নি।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিবকে অতিথি করা হলেও তারাও যাননি।
এরপর অনুষ্ঠানে বক্তব্যে বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎক পরিষদের মহাসচিব খন্দকার মো. ইমদাদুল হক সেলিম স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বক্তব্য দেন। তার বক্তব্যের সময় স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন চিকিৎসা সহকারীরা।
পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ আল-ফরিদ বলেন, “মন্ত্রীরা অনুষ্ঠানে না আসায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। এভাবে আমাদের অপমান করা ঠিক হয়নি।”
অতিথিদের প্রায় কেউই না এলেও শুধু স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবির বিষয়ে সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্য মন্ত্রীদের না আসার জন্য স্বাস্থ্যমন্ত্রী নিষেধ করেছেন। এজন্যই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।”
“স্বাস্থ্যমন্ত্রী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি। মন্ত্রী হিসেবে তিনি সবার, কিন্তু স্বাচিপের নেতাদের পরামর্শ ছাড়া কোনো কিছু করেন না।”
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন।
ডিপ্লোমা চিকিৎসক পরিষদ ‘মেডিকেল অ্যাসিসটেন্ট’ পদটিকে ‘সাব অ্যাসিটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার’ করার দাবি জানিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সাউথ সাউথ অ্যাওয়ার্ড’ পাওয়ায় তাকে ধন্যবাদ দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও এতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি তুলে ধরার পরিকল্পনা ছিল পরিষদ নেতাদের।
সেলিম বলেন, “স্বাচিপের মহাসচিব এম ইকবাল আর্সলানের ইন্ধনে আমাদের দাবি বাস্তবায়ন করা হচ্ছে না।”
চিকিৎসকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের স্বাস্থ্য অধিদপ্তরের ‘মেডিকেল অ্যাসিসটেন্ট’ পদকে ‘সাব অ্যাসিটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার’ পদে রূপান্তরের নির্দেশ দেয় হাইকোর্ট।
১৯৯৯ সালে ‘সাব অ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল কর্মকর্তা বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক মো. শামসুল হুদার করা একটি রিট আবেদনে আদালতের এই নির্দেশ আসে।
১৯৯৬ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় এক গেজেটের মাধ্যমে মেডিকেল অ্যাসিসটেন্ট পদকে সাব অ্যাসিটেন্ট কমিউনিটি মেডিকেল কর্মকর্তা পদে রূপান্তরের আদেশ দেয়।
ওই আদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাস্তবায়ন করলেও স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়ন না করায় রিট আবেদনটি করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৬২৫ ঘ.
bdnews24