ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের সঙ্গে সহমত পোষণ করে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, হত্যা-গুমের মাধ্যমে সরকার গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
বাংলাদেশে গুমের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটির প্রতিবেদন প্রকাশের পরদিন মঙ্গলবার তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় একথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, “বাংলাদেশে গুম ও হত্যা বেড়ে গেছে। বিরোধী দলের ওপর সরকারের দমননীতি চরমে পর্যায়ে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে এজন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকার দেশের গণতন্ত্রকে হুমকির পথে নিয়ে গেছে।”
দেশের মানবাধিকার সংগঠনগুলোও গুমের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও তা বন্ধে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন।
জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিও জানান মোশাররফ।
তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে নির্বাচনের সময় অর্র্ন্তবতীকালীন এই সরকার পদ্ধতি পুনরায় চালু না করলে দেশে অস্থিরতা আরো বাড়বে।
দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ায় জাতীয় নির্বাচনও নিরপেক্ষ হবে বলে সরকারি দলের নেতাদের বক্তব্য প্রত্যাখ্যান করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচনকে সমান্তরালভাবে দেখার অবকাশ নেই। স্থানীয় সরকার নির্বাচন একটি অরাজনৈতিক নির্বাচন।”
মোশাররফ বলেন, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক দলীয় সরকারের অধীনে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।
“কারণ কমিশনকে প্রশাসনের সহায়তায় নির্বাচন পরিচালনা করতে হয়,” বলেন তিনি।
এই আলোচনা সভায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেনও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24