সিলেট, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর এবং পুলিশ ও ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ জানান, মঙ্গলবার ভোরে দক্ষিণ সুরমা ও কোতয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এই সাতজন হলেন- আবু লেইছ (৩২), আব্দুল আজিজ (১৭), মো. শফিকুল ইসলাম (২২), উবায়দুর রহমান (২৩), মো. জসিম উদ্দিন (২৯), ওলিউর রহমান (২৪) ও শরিফুল ইসলাম (২৩)।
এরা সবাই ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এবং শিবিরের সিলেট মহানগর শাখার কর্মী বলে অতিরিক্ত কমিশনার জানান।
তিনি বলেন, “গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১১ জানুয়ারি যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠানোর পর শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল বের করলে শিবির কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে প্রায় ২০ জন আহত হন।
এ ঘটনায় জালালাবাদ থানায় পুলিশ বাদি হয়ে একটি ও ছাত্রলীগের পক্ষ থেকে দুটি মামলা করা হয়।
এছাড়া ১৬ জানুয়ারি নগরীর টিলাগড় ও খাসদবীরে বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ‘অজ্ঞাত পরিচয়’ নেতা-কর্মীদের আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহপরাণ ও বিমানবন্দর থানায় দুটি মামলা করে।
এছাড়া শহরতলির টুকেরবাজারে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম শিবিরের কয়েকজন নেতা-কর্মীকে আসামি করে জালালাবাদ থানায় আরেকটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩৪০ ঘ.
bdnews24