২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা আমাকে হালুম বলেন: মালুম

আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী ও প্রসিকিউশন সদস্য জেয়াদ-আল-মালুমের পারস্পরিক সম্বোধন নিয়ে সোমবার ভিন্ন এক সময় কাটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী ও প্রসিকিউশন সদস্য জেয়াদ-আল-মালুমের পারস্পরিক সম্বোধন নিয়ে সোমবার ভিন্ন এক সময় কাটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মালুম আসামি পক্ষের যুক্তি খণ্ডন করতে গেলে সম্বোধনের বিষয়টি ট্রাইব্যুনালে আলোচনার বিষয় হয়। যুক্তি দিতে গিয়ে তিনি এক সময় সালাউদ্দিনকে ‘সাকা চৌধুরী’ সম্বোধন করেন। ট্রাইব্যুনাল চেয়ারম্যান নিজামুল হক তখন মালুমকে থামিয়ে বলেন, “পত্র-পত্রিকায় [এভাবে] লেখা হলেও এতে উনার আপত্তি আছে। তাই উনার নাম বলার সময় পুরোটুকুই বলবেন।” আদালতের পেছনের দিকে থাকা সালাউদ্দিন এ কথা শুনে উচ্চস্বরে বলে ওঠেন, “ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।” এ সময় মালুম আদালতে অভিযোগ করেন, “কিন্তু, সালাউদ্দিন কাদের চৌধুরী তো আমাকে হালুম বলেন!” তখন আবার শোনা যায় সালাউদ্দিনের প্রবল কণ্ঠস্বর। তিনি বলেন, “কী? হালুম?! না, না, কখনো হালুম বলিনি।” সাধারণত বাংলা দৈনিক পত্রিকাগুলোয় সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম সংক্ষেপে ‘সাকা চৌধুরী’ লেখা হয়। তবে মালুমের বিব্রত হওয়ার ঘটনা এখানেই শেষ হয়নি। সালাউদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগে যেসব ব্যক্তির নাম উল্লেখ রয়েছে তাদের সম্পর্কে মালুমের কাছে জানতে চায় ট্রাইব্যুনাল। বিচারক একেএম জহির আহমেদ তাকে মনে করিয়ে দেন ট্রাইব্যুনালের খুব সামান্য কিছু বিষয়ে জানতে চাইলেও মালুম তার জবাব সন্তোষজনকভাবে দিতে পারেননি। অভিযোগে উল্লেখ করা কিছু ব্যক্তি জীবিত না মৃত তা ট্রাইব্যুনাল জানতে চায়। বিশেষ করে সোবহান নামে একজনের বিষয়ে জানতে চাওয়া হয় যাকে সালাউদ্দিনের সহযোগী হিসেবে প্রথম অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় মালুম বলেন, “মাই লর্ড, প্রসিকিউশনের পক্ষ থেকে এখনো আমাদের এসব তথ্য দেওয়ার সুযোগ রয়েছে।” এক পর্যায়ে জহির আহমেদ বলেন, “আমাদের প্রশ্নটা খুব সিম্পল। এই সোবহান কি বেঁচে আছে, না মরে গেছে?” অভিযোগ অনুযায়ী, সালাউদ্দিনের নির্দেশনায় সোবহান অপহরণ করেছিলেন। জহির আহমেদ জানতে চান, “যদি বেঁচে থাকে তাহলে তার বিরুদ্ধে অভিযোগ নেই কেন? আইনে কি কোনো বাধা ছিল?” মালুম বলেন, “আদালতের এ সব প্রশ্নের কথা ভেবেই অনেক অভিযোগ আনিনি। সাতটি অভিযোগ বাদ দেওয়া হয়েছে। “কিন্তু যে ২৫টি অভিযোগ আছে তার ব্যাপারে সব প্রশ্নের উত্তর আদালতকে প্রসিকিউশনের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ জবাব দেওয়া হবে।” তখন বিচারক বলেন, “আপনাদের এক নম্বর অভিযোগেরই এ অবস্থা, তাহলে ওই সাতটার অবস্থা কি আরো খারাপ?” এ পর্যায়ে মালুম বলেন, “মাই লর্ড, এ ধরনের কথায় মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রচারণা চলতে থাকে। বলা হয়, এই প্রসিকিউটর অযোগ্য, এটা-সেটা।” গণমাধ্যমের একটি অংশ কীভাবে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশ করে সে প্রসঙ্গে কথা বলতে থাকেন। তিনি বলেন, “বেশির ভাগ জায়গাতেই ঠিক মতো রিপোর্ট হলেও কয়েকটি জায়গায় খুবই নেতিবাচক প্রতিবেদন আসে। আমরা অনেক কষ্টে আদালত অবমাননার অভিযোগ আনা থেকে বিরত থাকি প্রসিকিউশনে।” এ সময় ট্রাইব্যুনাল চেয়ারম্যান হক তাকে আশ্বস্ত করে বলেন, গণমাধ্যম শুধু সহযোগিতাই করবে, একে ভয় পাওয়ার কিছু নেই। বিচারক নিজামুল হক বলেন, “কিন্তু গণমাধ্যম হলো সমাজের আয়না। কয়েক জায়গায় নেতিবাচক খবর প্রকাশ হলে অসুবিধা কী?” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/পিডি/২৩০৬ ঘ.