ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ব্যর্থ অভ্যুত্থানে জড়িতদের শনাক্ত করে সাজা না দেওয়া পর্যন্ত এর রেশ কাটবে না।
দলের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে গত ডিসেম্বরের অভ্যুত্থানচেষ্টা প্রসঙ্গে সোমবার এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “সেনাঘটনা এখনো কেটে যায়নি।”
তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, “অনেককে চিহ্নিত করা হয়েছে। অনেককে গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারে অভিযান চলছে।”
“যতক্ষণ পর্যন্ত জড়িতদের সনাক্ত করে আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত এর রেশ থাকবে,” যোগ করেন সৈয়দ আশরাফ।
বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তিনি। এ সময় লিখিত বক্তব্যও উপস্থাপন করেন।
সরকার উৎখাতে ধর্মান্ধ কয়েকজন সেনা কর্মকর্তার একটি অভ্যুত্থান পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে- গত ১৯ জানুয়ারি সংবাদ সম্মেলন করে এ কথা জানায় সেনাবাহিনী। এরপর সরকারি দলের বিভিন্ন নেতা এতে বিএনপি সংশ্লিষ্টতার ইঙ্গিত দেন। বিএনপির কয়েকজন নেতাও অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তবে অভ্যুত্থান বিষয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় রোববার একটি সংবাদ সম্মেলন করে। এতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সেনাবাহিনীর সংবাদ সম্মেলন ক্ষমতাসীন দলের চিন্তারই প্রতিফলন।
সরকার ও বিরোধী দল অভ্যুত্থান বিষয়ে প্রতিক্রিয়া জানানো সত্ত্বেও বিএনপি এ বিষয়ে সংবাদ সম্মেলন করায় আওয়ামী লীগও সংবাদ সম্মেলন করেছে বলে উল্লেখ করেন সৈয়দ আশরাফ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “তিনি কিছু উদ্ভট, অনভিপ্রেত, ভিত্তিহীন কল্পকাহিনী প্রচার করেছেন যা সত্যের অপলাপ মাত্র।”
“বিএনপি নেতারা প্রায়ই অসত্য সস্তা বুলি আউড়ে জনগণকে বিভ্রান্ত করার ব্যর্থ প্রয়াস চালান।”
বর্তমান বিশ্বের সেনা অভ্যুত্থানের কোনো স্থান নেই উল্লেখ করে লিবিয়া, মিশর, ইরাকের সামরিক শাসকদের ‘পরিণতির’ দৃষ্টান্ত দেন সৈয়দ আশরাফ।
তদন্তে কেউ হস্তক্ষেপ করছে না’
সেনাবাহিনী ঘটনার তদন্ত করছে উল্লেখ করে আশরাফ বলেন, “বাইরের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কি না তদন্ত কর্মকর্তা তা উদঘাটন করবেন। আমরা সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানাই।”
অভ্যুত্থানচেষ্টায় কতজন সেনা জড়িত ছিল এবং এর সঙ্গে বেসামরিক কেউ জড়িত কি না এ ব্যাপারে এখনো জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “আমাদের তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
সরকারের নির্দেশে সেনাবাহিনী সংবাদ সম্মেলন করেনি- এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “এটা সেনাবাহিনীর ভেতরের ঘটনা। তাদের তদন্ত কাজে কেউ হস্তক্ষেপ ও প্রভাবিত করছে না।”
ক্ষমতাসীন দলের মুখপাত্র সৈয়দ আশরফ ইসলাম বলেন, ক্যু করে ক্ষমতা দখল করলে কেউ তা মেনে নেবে না।
গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগ জাতীয় ঐক্য চেয়েছিল উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প নেই।
“বিএনপি সাড়া না দিয়ে সংবাদ সম্মেলন করেছে, যার অর্থ জাতিকে বিভক্ত করা।”
“কেউ যদি মনে করেন ক্যু করে ক্ষমতা দখল করবেন, কেউ তা মেনে নেবে না। বর্তমানে কোথাও সামরিক জান্তার ভাত নেই,” যোগ করেন আশরাফ।
‘আল্টিমেটামের সঙ্গে যোগসূত্র স্বাভাবিক নয়?’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই অশুভ শক্তির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে একটা বিতর্কের সূত্রপাত করা; যা দেশ ও গণতন্ত্রের জন্য আত্মঘাতী।
বিএনপি দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে মন্তব্য করে আশরাফ বলেন, “সংসদীয় গণতন্ত্রে এটি কারো কাম্য হতে পারে না।”
“খালেদা জিয়া এর আগে ডিসেম্বরে সরকার পতন হবে বলে ঘোষণা দিয়েছিলেন। তার আল্টিমেটামের সঙ্গে এই ঘটনার [সেনা অভ্যুত্থানচেষ্টা] যোগসূত্র থাকা কি স্বাভাবিক নয়?”
কয়েকজন সেনাসদস্যদের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টাটি গত ডিসেম্বরে হয়েছিল বলে ১৯ জানুয়ারির সংবাদ সম্মেলনে জানিয়েছিল সেনাবাহিনী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সেনাবাহিনী নিয়ে খালেদা জিয়ার বক্তব্য হিযবুত তাহরিরের প্রচারপত্র ও বক্তব্যের সঙ্গে হুবহু এক। এর রহস্য কী?”
খালেদা জিয়া চলতি মাসে চট্টগ্রামে এক জনসভায় অভিযোগ করেছিলেন, সেনাসদস্যদের ‘গুম’ করা হচ্ছে।
ওই জনসভার কয়েকদিন আগে নিষিদ্ধ হিযবুত তাহরির যে এ ধরনের বক্তব্য সম্বলিত প্রচারপত্র বিলি করে সরকার উৎখাতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানায়।
অবশ্য সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে খালেদার ওই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছিল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছিল, খালেদার ওই বক্তব্য উস্কানিমূলক।
২০০৯ সালের ২৫ ফেব্র“য়ারি বিডিআরের (বর্তমান বিজিবি) পিলখানা সদরদপ্তরে জওয়ানাদের বিদ্রোহ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, “ঘটনা ঘটার আগেই তিনি ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে আত্মগোপনে গিয়েছিলেন। এটা ধারণা করা খুবই স্বাভাবিক যে, তিনি নিশ্চয় এই ষড়যন্ত্র সম্পর্কে জানতেন।”
“তাই আত্মগোপন করে কাক্সিক্ষত সুযোগের অপেক্ষায় ছিলেন।”
‘টক শোতে অপপ্রচার চলছে’
বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক শোগুলোতে সেনাবাহিনীর ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন আশরাফ।
তিনি বলেন, “টক শোতে অনেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। অনেকে মিথ্যা বানোয়াট বক্তব্য প্রচার করে ঘটনাকে জটিল করার চেষ্টা চলছে। আমাদের ধৈর্য ধরা প্রয়োজন, কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”
টক শোতে ‘কাণ্ডজ্ঞানহীন’ বক্তব্য দিয়ে জাতিকে ‘বিভ্রান্ত না করার’ আহ্বান জানিয়ে টেলিভিশন কর্তৃপক্ষকে এ ব্যাপারে সজাগ থাকারও আহ্বান জানান আশরাফ।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মেজবাউদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০১১ ঘ.
bdnews24