২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেনা সংবাদ সম্মেলনকে মানুষ স্বাগত জানিয়েছে’

সরকার উৎখাতে কয়েক সেনা কর্মকর্তার অভ্যুত্থানের চেষ্টা নস্যাতের বিষয়টি প্রকাশ্যে আনা প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, জনগণ এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার উৎখাতে কয়েক সেনা কর্মকর্তার অভ্যুত্থানের চেষ্টা নস্যাতের বিষয়টি প্রকাশ্যে আনা প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, জনগণ এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। শনিবার ভারতের পেট্রাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক চলাচলে নতুন ‘কার পাস’ ব্যবস্থার উদ্বোধন শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এই প্রথমবারের মতো একটি ব্যর্থ ক্যু সম্পর্কে পাবলিকলি জানানো হয়েছে। এর রেসপন্সও খুব ভালো।” সেনাবাহিনী গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানায়, কিছু প্রবাসী বাংলাদেশির ইন্ধনে সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কয়েকজন ধর্মান্ধ কর্মকর্তা স¤প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করার প্রয়াস চালায়, যা সেনাবাহিনীর ঐকান্তিক চেষ্টায় প্রতিহত করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় সেনা শাসনের প্রসঙ্গ টেনে মুহিত বলেন, আগে সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থানের ঘটনা ঘটলেও জাতি তা জানতে পেরেছে অনেক পরে। সা¤প্রতিক অভ্যুত্থান চেষ্টা সম্পর্কে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “আমার মতে, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার কারণেই এটা হয়েছে।” সেনাবাহিনীর মধ্যে এই ধরনের চেষ্টা প্রতিরোধে সরকারের কোনো পদক্ষেপ আছে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “অবশ্যই। আমাদের তো প্রিভেনটিভ মেজার আছে। না হলে তো ক্যু হয়েই যেতো।” ওই অভ্যুত্থান চেষ্টার কথিত ‘পরিকল্পনাকারী’ মেজর সৈয়দ জিয়াউল হককে খুঁজছে সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা বলছেন, মেজর জিয়া সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুক ব্যবহার করে এবং মোবাইল ফোনে অন্য কর্মকর্তাদের ‘রাষ্ট্র ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে’ সম্পৃক্ত হতে প্ররোচনা দেন। ওই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এহসান ইউসুফসহ দুজনকে আটক করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৮২০ ঘ.