ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসতে পারবে না বুঝতে পেরে ‘স্বাধীনতাবিরোধী চক্র’ আবারো চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার শহীদ আসাদ দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন, “পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতাবিরোধী চক্র ক্ষমতায় এসেছিলো। এরপর দীর্ঘদিন বিভিন্ন ‘লেবাসে’ তারা দেশের ক্ষমতায় থেকেছে।”
“২০০৮ এর নির্বাচনে হাসিনা সরকার ব্যালট বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই তারা ষড়যন্ত্র শুরু করে। তারা বুঝতে পেরেছে যে আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না। তাই আবার নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে”, যোগ করেন তিনি।
বৃহস্পতিবার সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কিছু প্রবাসী বাংলাদেশির ইন্ধনে সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কয়েকজন ‘ধর্মান্ধ’ কর্মকর্তা স¤প্রতি বাংলাদেশের ‘গণতান্ত্রিক ধারা ব্যাহত করার’ প্রয়াস চালায়, যা সেনাবাহিনীর ঐকান্তিক চেষ্টায় প্রতিহত করা হয়েছে।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে প্রধান বিরোধী দল বিএনপির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করার অভিযোগ আনেন। তিনি বলেন, “তারা আন্দোলনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করতে মরিয়া হয়ে উঠেছে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে সরকারকে হুমকি দিচ্ছে।”
এ বিষয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু হত্যা, দেশব্যাপী জঙ্গীবাদের বিস্তার, ২১ অগাস্ট বোমা হামলা এবং বিডিআর বিদ্রোহ- কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলোর সবই স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত।”
কামরুলও মনে করেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করায় ‘পাকিস্তানের প্রেতাত্মারা’ তা মেনে নিতে পারছে না।
“তারা নতুনভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে”, বলেন তিনি।
যতো ষড়যন্ত্রই হোক, যুদ্ধাপরাধের বিচার হবে জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, “কোনো ধর্মান্ধ গোষ্ঠীর বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না। দেশকে জঙ্গীবাদী রাষ্ট্র বানানোর যে কোনো ষড়যন্ত্র সরকার প্রতিহত করবে।”
দেশের জনগণকে ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ‘সজাগ’ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, “পেছনের দরজা দিয়ে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সকল রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ, প্রতিরোধ, প্রতিরোধ।”
শহীদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কামরুল বলেন, “ঊণসত্তরের গণঅভ্যুত্থানে আসাদরা রক্ত দিয়েছিলো বলেই পরবর্তীতে দেশে স্বাধীনতা এসেছিলো। স্বাধীনতাবিরোধী চক্র অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশের ইতিহাসকে বিকৃত করেছিলো। নতুন প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। যতোদিন দেশের স্বাধীনতার কথা স্মরণ করা হবে, ততোদিন শহীদ আসাদকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আয়োজিত এ আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোশতাক আহমেদ ভাসানী বলেন, “বিপ্লবী আসাদ বেঁচে থাকলে মুক্তিযুদ্ধের চেতনা বিতকশিত হতো।”
সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, “দেশের জনগণ চায় সেনাবাহিনী সব বিতর্কের ঊর্ধ্বে থাকুক, যারা বিতর্কিত করার অপচেষ্টা করছে তাদের বিচার হোক।”
অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি মোশতাক আহমেদ ভাসানী, কেন্দ্রীয় নেত্রী সাদেকা সুলতানা, মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদের সভাপতি শামসুল আলম দুদু, গণতান্ত্রিক লীগ সভাপতি এম এ জলিল আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৪৪৫ ঘ.
bdnews24