২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসিপন্থী ছাত্রলীগ বলে কিছু নেই: জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় এক ছাত্র নিহত হওয়ার পর সমালোচনার মুখে থাকা উপাচার্য শরীফ এনামুল কবির দাবি করেছেন, তিনি সরকার সমর্থক ছাত্রসংগঠনের কোনো অংশকেই মদদ দিচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 07:12 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

জাবি, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় এক ছাত্র নিহত হওয়ার পর সমালোচনার মুখে থাকা উপাচার্য শরীফ এনামুল কবির দাবি করেছেন, তিনি সরকার সমর্থক ছাত্রসংগঠনের কোনো অংশকেই মদদ দিচ্ছেন না। শনিবার রাতে জাহানারা ইমাম হলে নবীনবরণ অনুষ্ঠানে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে ‘ভিসিপন্থী ছাত্রলীগ’ বলে কিছু নেই। সব ছাত্র সংগঠনই উপাচার্যের কাছে সমান। উপাচার্য ছাত্র রাজনীতি পরিচালনা করেন না। ছাত্ররাই ছাত্রদের রাজনীতি পরিচালনা করে থাকে।” ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হামলায় নিহত হওয়ার পর থেকে এ ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্য উপাচার্যকে দুষছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ছাত্রলীগের একদল কর্মী কুপিয়ে আহত করার পর সংগঠনটিরই কর্মী জুবায়ের পরদিন হাসপাতালে মারা যায়। এই ঘটনার পর আন্দোলনের মুখে ইতোমধ্যে প্রক্টর আরজু মিয়া পদত্যাগ করেছেন। ছাত্রলীগের একদল কর্মীসহ শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য সরকার সমর্থক সংগঠনটির একটি অংশকে সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন। ছাত্রলীগের একটি অংশ বর্তমানে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে, সংগঠনের স্থগিত কমিটির অধিকাংশ নেতাই এই দলে। ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি রাশেদুল ইসলাম শাফিন এক সপ্তাহ আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের নামে এক সময়ের ছাত্রদল নেতারা রয়েছেন। উপাচার্য তাদের সরাসরি পৃষ্ঠপোষকতা করছে। উপাচার্য দায়িত্ব অস্বীকার করলেও গত বছরের বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তাকে ছাত্রলীগের ক্যাম্পাসে অবস্থানরত আজগর আলীকে (বহিষ্কৃত যুগ্মসম্পাদক) কেক কেটে খাওয়াতে দেখা যায়। এই আজগর বিএনপি আমলে ছাত্রদলের কর্মকাণ্ডে সক্রিয় ছিল। জুবায়ের নিহত হওয়ার কয়েকদিন আগেও ছাত্রলীগের নামে ক্যাম্পাসে যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়েছিল, তাতে অংশ নিয়েছিলেন তৎকালীন প্রক্টর আরজু মিয়া। নিজের বিরুদ্ধে অভিযোগকে ‘অপপ্রচার’ অভিহিত করে উপাচার্য নবীনবরণ অনুষ্ঠানে বলেন, “যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত করতে চায়, তারা এ ধরনের মিথ্যা অভিযোগ প্রচার করছে।” জুবায়ের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন ছাত্রকে বহিষ্কার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩০৫ ঘ.