২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময়মতো মহাজোট ছাড়ার ঘোষণা পাবেন: এরশাদ

জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় যেতে হবে উল্লেখ করে ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, জনগণ ‘সময়মতো’ তার দলের মহাজোট ছাড়ার ঘোষণা পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টাঙ্গাইল, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় যেতে হবে উল্লেখ করে ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, জনগণ ‘সময়মতো’ তার দলের মহাজোট ছাড়ার ঘোষণা পাবে। পানির ন্যায্য হিস্যা আদায়ে তিস্তা অভিমুখে লং মার্চের অংশ হিসেবে মঙ্গলবার টাঙ্গাইলের এলেঙ্গায় এক পথসভায় এ কথা বলেন এরশাদ। তিস্তার পানির দাবিতে এই লং মার্চ হলেও ঢাকার আশুলিয়া, গাজীপুরের জিরানিবাজার এবং টাঙ্গাইলের মির্জাপুর ও মাটিয়াপাড়ার পথসভাতেও একই ধরনের ‘রাজনৈতিক’ বক্তব্য রাখেন তিনি, যার ফলে এই কর্মসূচি দৃশ্যতঃ নির্বাচন সামনে রেখে আগাম প্রচারণায় পরিণত হয়। এলেঙ্গার পথসভায় হাজারখানেক কর্মী সমর্থকের উপস্থিতিতে এরশাদ প্রশ্ন রাখেন- “আপনারা কি চান, আমি মহাজোট থেকে বেরিয়ে আসি?” এ সময় সমবেতরা চিৎকার করে বলে, হ্যাঁ, এখনি বেরিয়ে আসুন। জবাবে এরশাদ বলেন, “সময়মতো ঘোষণা পাবেন।” দেশের পরিস্থিতি বদলাতে হলে জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় যেতে হবে উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তই নেব। আমরা জনগণের মনের কথা বুঝি।” মঙ্গলবার সকাল ৯টায় বনানীতে দলের কার্যলয় থেকে লং মার্চের গাড়ি বহর নিয়ে নীলফামারী অভিমুখে যাত্রা শুরু করেন এরশাদ, যিনি এর আগে টিপাইমুখ অভিমুখেও একই ধরনের কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন। সকাল ১০টায় গাড়ি বহর অশুলিয়ার জামগড়ায় পৌঁছানোর পর এরশাদ প্রথম পথসভায় বক্তৃতা করেন। এ সময় তার পরনে ছিল কালো স্যুট, চোখে সানগ্লাস। তিস্তা চুক্তি না হওয়ায় দেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে উল্লেখ করে সরকারের প্রতি এরশাদ প্রশ্ন রাখেন, “কেন তিস্তা চুক্তি হলো না? এর কারণ কী? আপনাদের ব্যর্থতা কী ছিল?” ভারত সরকারের উদ্দেশ্যে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “আমরা গরিব দেশ। আমাদের ওপর অন্যায়-অবিচার করবেন না। আমরা পানির ন্যায্য হিস্যা চাই। তাহলেই আমরা বন্ধু থাকবো।” গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়। মনমোহন পরে বলেন, তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টি দুঃখজনক। বাংলাদেশের পক্ষ থেকেও বলা হয়েছিল, শিগগিরই এ চুক্তি হবে। অভিন্ন নদীর তিস্তার পানির ওপর দেশের উত্তরাঞ্চলের কৃষি অনেকাংশেই নির্ভরশীল। তাই সব মৌসুমে এই নদীর পানি যথেষ্ট পরিমাণে নিশ্চিত করতে চাইছে বাংলাদেশ। আশুলিয়ার জনসভায় জনগণের উদ্দেশ্যে এরশাদ বলেন, “আমাকে আবার ক্ষমতায় আসার সুযোগ করে দিন। দ্রব্যমূল্য কমবে। সন্ত্রাসও বন্ধ হবে।” “পরিবর্তন (ক্ষমতায়) এলে সবার ঘরে শান্তি ফিরে আসবে”, প্রতিশ্র“তি দেন সাবেক এই সেনা শাসক। জিরানিবাজারের পথসভায় এরশাদ বলেন, সবদল কখনো এক হতে পারবে না বলে তিনি একাই তিস্তার পানির দাবিতে মাঠে নেমেছেন। “উত্তরবঙ্গের মানুষের সমস্যা আমি সবথেকে ভাল বুঝি। তাই আমি আন্দোলনে মাঠে নেমেছি,” যোগ করেন তিনি। সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন আমরা ক্ষমতায় গিয়ে আপনাদের সকল সমস্যা দূর করবো।” মির্জাপুরে এরশাদ ঘোষণা দেন, জাতীয় পার্টি আন্দোলনের মাধ্যমে তিস্তা চুক্তি করে দেখাবে। এই লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের এরিস্টোক্রেট হোটেল, বগুড়ার শেরপুর, মাঝিপাড়া, মহাস্থানগড় ও মোকাম তলা, গাইবান্ধার পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ, রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুরেও পথসভা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান। মিঠাপুকুরে পথসভার পর রংপুরে নিজের বাড়ি পল্লী নিবাসে রাত কাটাবেন তিনি। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার জানান, বুধবার সকালে রংপুর জিলা স্কুল মাঠ থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে আবার যাত্রা শুরু হবে। বুধবার বিকাল ৩টায় নীলফামারীর তিস্তা ব্যারেজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন এরশাদ। রুহুল আমীন হাওলাদার আশা করছেন, মোট চার হাজার গাড়ি নিয়ে নীলফামারীতে পৌঁছাবেন তারা। এর আগে বরাক নদীর উজানে টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে গত ডিসেম্বরে সিলেট অভিমুখে লং মার্চ করেন এরশাদ। এই দাবি আদায়ে সব দলকে আন্দোলনে যোগ দেওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১১০২ ঘ.