ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানির ন্যায্য হিস্যা আদায়ে এবার লং মার্চ নিয়ে তিস্তা অভিমুখে রওনা হয়েছেন ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, যিনি এর আগে টিপাইমুখ অভিমুখেও একই ধরনের কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন।
মঙ্গলবার সকাল ৯টায় বনানীতে দলের কার্যলয় থেকে লং মার্চের গাড়ি বহর যাত্রা শুরু করে।
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার জানান, মঙ্গলবার রাতে রংপুরে যাত্রা বিরতির পর বুধবার সকালে রংপুর জিলা স্কুল মাঠ থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে আবার যাত্রা শুরু হবে। বুধবার বিকাল ৩টায় নীলফামারীর তিস্তা ব্যারেজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন এরশাদ।
এছাড়া দুই দিনের এই লং মার্চে ১৬টি পথসভায় বক্তব্য দেবেন সাবেক এই রাষ্ট্রপতি।
রুহুল আমীন হাওলাদার আশা করছেন, মোট চার হাজার গাড়ি নিয়ে নীলফামারীতে পৌঁছাবেন তারা।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্যই এই লং মার্চ হচ্ছে।
“ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ হলেও তারা বিভিন্ন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশকে শুকিয়ে মারতে চায়। তিস্তা লং মার্চের মাধ্যমে এ ব্যাপারে জনগণকে সচেতন করা হবে,” বলেন তিনি।
গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়।
মনমোহন পরে বলেন, তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টি দুঃখজনক। বাংলাদেশের পক্ষ থেকেও বলা হয়েছিল, শিগগিরই এ চুক্তি হবে।
অভিন্ন নদীর তিস্তার পানির ওপর দেশের উত্তরাঞ্চলের কৃষি অনেকাংশেই নির্ভরশীল। তাই সব মৌসুমে এই নদীর পানি যথেষ্ট পরিমাণে নিশ্চিত করতে চাইছে বাংলাদেশ।
এর আগে বরাক নদীর উজানে টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে গত ডিসেম্বরে সিলেট অভিমুখে লং মার্চ করেন এরশাদ। এই দাবি আদায়ে সব দলকে আন্দোলনে যোগ দেওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/০৯৩০ ঘ.
bdnews24