২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু করছেন এরশাদ

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে তিস্তা অভিমুখে জাতীয় পার্টির লং মার্চ মঙ্গলবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে তিস্তা অভিমুখে জাতীয় পার্টির লং মার্চ মঙ্গলবার শুরু হচ্ছে। সকাল ৯টায় দলের বনানী কার্যলয় থেকে শুরু হবে এই লং মার্চ। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এর নেতৃত্ব দেবেন। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, দুই হাজার গাড়ির বহর নিয়ে ঢাকা থেকে লং মার্চ যাত্রা শুরু করবে। রংপুরে যোগ হবে আরো দুই হাজার গাড়ি। তিনি জানান, লং মার্চ মঙ্গলবার রাতে রংপুরে যাত্রা বিরতি করবে। বুধবার সকালে রংপুর জিলা স্কুল মাঠ থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে পুনরায় যাত্রা শুরু হবে। বুধবার বিকাল ৩টায় নীলফামারীর তিস্তা ব্যারেজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন এরশাদ। এছাড়া দুই দিনের এই লং মার্চে ১৬টি পথসভায় তিনি বক্তব্য দেবেন বলে দলের মহাসচিব জানান। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্যই এই লং মার্চ হচ্ছে। “ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ হলেও তারা বিভিন্ন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশকে শুকিয়ে মারতে চায়। তিস্তা লং মার্চের মাধ্যমে এ ব্যাপারে জনগণকে সচেতন করা হবে,” বলেন তিনি। ভারত বাংলাদেশের ওপর ‘অমানবিক’ আচরণ করছে বলেও দাবি করেন কাজী জাফর। গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়। মনমোহন পরে বলেন, তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টি দুঃখজনক। বাংলাদেশের পক্ষ থেকেও বলা হয়েছিল, শিগগিরই এ চুক্তি হবে। অভিন্ন নদীর তিস্তার পানির ওপর দেশের উত্তরাঞ্চলের কৃষি অনেকাংশেই নির্ভরশীল। তাই সব মৌসুমে এই নদীর পানি যথেষ্ট পরিমাণে নিশ্চিত করতে চাইছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২০৪০ ঘ.