ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি হবে ২৬ জানুয়ারি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সোমবার মুজাহিদের বিরুদ্ধে নতুন করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল শুনানির জন্য এই দিন ধার্য করে।
এই জামায়াত নেতার বিরুদ্ধে গত ১১ ডিসেম্বর একবার আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হলেও তা যথাযথভাবে বিন্যস্ত না হওয়ায় পুনর্বিন্যস্ত করে আবারো জমা দিতে বলে ট্রাইব্যুনাল।
একাত্তরে যুুদ্ধাপরাধের ঘটনায় গত বছর ২১ জুলাই মুজাহিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তারা। এরপর ২ অগাস্ট তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ১ নভেম্বর মুজাহিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে। ৩৬৬ পৃষ্ঠার ওই প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
মুজাহিদ ছাড়াও জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া এবং সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে।
একই অভিযোগের মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১১৫০ ঘ.
bdnews24