চাঁদপুর, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিষয়টি বিএনপি মেনে নেবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
শনিবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, “বিএনপি বার বার বলছে তত্ত্বাবধায়ক সরকার না হলে তারা মানবে না। কিন্তু আমার মনে হয় তারা বিষয়টি মেনে নেবে। কারণ, মানুষ যা চায় তা প্রতিটি রাজনৈতিক দলকে মানতে হয়।
“মানুষের দাবি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেটির প্রতি লক্ষ্য রেখে প্রধান বিরোধী দল তত্ত্বাবধায়ক বিষয়টি মেনে নেবেন।”
গত বছরের ৩০ জুন সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে। বিএনপি বলছে এই পদ্ধতি আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন করবে না।
দীপু মনি বলেন, গত তিন বছরে বর্তমান সরকারের অধীনে প্রতিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।
“তারা বলেছেন-ইভিএম মানেন না। কিন্তু ইভিএম তো মেনেছেন এবং তাদের দল থেকে বেরিয়ে যাওয়া প্রার্থী নির্বাচিত হয়েছেন।
“কাজেই তারা অনেক কিছুই মানেন না, আবার সবকিছু কিছুই মানেন। কারণ, জনগণের প্রত্যাশা সেখানে পূরণ হয়।”
দীপু মনি বলেন, এই প্রথমবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচন কমিশন গঠন নিয়ে এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে রাষ্ট্রপতি একটি জাতীয় ঐকমত্যের উদ্যোগ নিয়েছেন।
“আমার বিশ্বাস, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হবে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৫৫ ঘ.
bdnews24