২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে আ. লীগের ১৫ জন

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 04:22 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার বঙ্গভবনে সকাল ১১টায় সংলাপ শুরু হবে। বুধবার সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কার্যালয়ে রাষ্ট্রপতির সংলাপে যোগ দেওয়ার বিষয়ে পূর্ব-প্রস্তুতিমূলক বৈঠক করেন। এ বৈঠকে সংলাপের মতামতের বিষয়গুলো চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, “বৃহস্পতিবার আমরা সংলাপে অংশ নিয়ে এজেন্ডার আলোকে দলের মতামত তুলে ধরবো। সংলাপ শেষ করে আমাদের মতামতের বিষয়বস্তু সাংবাদিকদের অবহিত করবো।” বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে গিয়ে বিএনপি এজেন্ডা বহির্ভূতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, “রাষ্ট্রপতি সংলাপের জন্য তাদের কাছে যে আমন্ত্রণপত্র পাঠিয়েছে তাতে নির্বাচন কমিশন গঠনে পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনার কথা আমন্ত্রণপত্রে উল্লেখ নেই। রাষ্ট্রপতির পত্রের আলোকে মনে হচ্ছে বিএনপি এজেন্ডা বর্হিভুত ইস্যু নিয়ে তারা আলোচনা করেছে।” সৈয়দ আশরাফ ছাড়া আওয়ামী লীগ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল জলিল, ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, ওবায়দুল কাদের, মোহাম্মদ নাসিম ও হাছান মাহমুদ। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি। আইন অনুযায়ী রাষ্ট্রপতি নতুন কমিশন নিয়োগ দেবেন। এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। এ ধারাবাহিকতায় আওয়ামী লীগসহ ১২ দিনে ২৩টি দলের মতামত নিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার বিএনপি প্রধান খালেদা জিয়ার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সংলাপে যোগ দেয়। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপি জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন বিএনপি মেনে নেবে না। সংলাপের ফল নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, “ফলপ্রসূ হবে না জেনেও আমরা সংলাপে অংশ নিয়েছি। উদ্দেশ্য একটাই নির্বাচন কমিশন পুনর্গঠনের আগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি রাষ্ট্রপতিকে জানানো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২১৫ ঘ.